ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ

আপডেট : ১৯ মে ২০১৫, ১২:২৩
 
 
ব্যাট ও বলের ভারসাম্য আনতে ওয়ানডে ক্রিকেটের ফিল্ডিংয়ে তিনটি পরিবর্তন আনার সুপারিশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ক্রিকেট কমিটি। মুম্বাইয়ে ক্রিকেট কমিটির দুই দিনের সভা শেষে সোমবার ব্যাটিং পাওয়ার প্লে বাদ দেয়ার সুপারিশ করা হয়।
 
ক্রিকেট কমিটি প্রথম ১০ ওভারে পাওয়ার প্লের সময় কাছে দুইজন বাধ্যতামূলক ক্লোজ ফিল্ডার বাদ দেয়ার সুপারিশ করেছে। এছাড়া শেষ ১০ ওভারে ত্রিশ গজের বাইরে সর্বোচ্চ পাঁচ জন ফিল্ডার রাখারও সুপারিশ করেছে অনিল কুম্বলের নেতৃত্বাধীন ক্রিকেট কমিটি।
 
এই সুপারিশ অনুমোদন পেলে প্রথম ১০ ওভারে সর্বোচ্চ দুইজন খেলোয়াড় ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন। পরের ৩০ ওভারে সর্বোচ্চ চারজন খেলোয়াড় এবং শেষ ১০ ওভারে সর্বোচ্চ পাঁচজন ত্রিশ গজের বাইরে থাকতে পারবেন।
 
ক্রিকেট কমিটি মনে করে, এই সুপারিশগুলো অনুমোদন পেলে ফিল্ডিং দলের অধিনায়ক যখন প্রয়োজন আক্রমণাত্মক বা রক্ষণাত্মক হতে পারবেন।
 
আগামী ২২ থেকে ২৬ জুন আইসিসি বার্ষিক সাধারণ সভায় ক্রিকেট কমিটির সুপারিশগুলো বিবেচনা করবে আইসিসির প্রধান নির্বাহীদের কমিটি এবং আইসিসির বোর্ড।