মিয়ানমারে বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করা ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে মিয়ানমারের অভিবাসন বিভাগ। মঙ্গলবার সকালে মিয়ানমারের মংডুতে বিজিবি ও মিয়ানমার অভিবাসন বিভাগের ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠক শেষে তাদের হস্তান্তর করা হয়।
প্রায় দুই ঘণ্টাব্যাপী বৈঠকে টেকনাফ সদর বিওপি বিজিবির সুবেদার মো. জাকারিয়ার নেতৃত্বে ১৪ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল ও মিয়ানমার মংডুস্থ অভিবাসন বিভাগের সহকারি পরিচালক ইউ থুন থুন -এর নেতৃত্বে ১৪ সদস্যের প্রতিনিধি দল অংশ নেন।
বাংলাদেশ প্রতিনিধি দল বেলা ১২ টায় ফেরত নাগরিকসহ টেকনাফ বিজিবি সীমান্ত ফাঁড়ির জেটি ঘাটে পৌঁছে। ফেরত আসা বাংলাদেশি নাগরিকদের পরিবারের নিকট হস্তান্তরের জন্য টেকনাফ মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।
