নাটোরে ২ লাশ উদ্ধার

আপডেট : ১৯ মে ২০১৫, ১৬:২০
নাটোরের সিংড়া ও বড়াইগ্রাম উপজেলা থেকে কলেজ ছাত্রীসহ দুইজনের লাশ উদ্ধার করা হয়েছে। 
 
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিংড়া উপজেলার দুলশী গ্রামের মাঠ থেকে সোহাগ হোসেন (১৮) নামে এক অটোরিকশা চালকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। সোহাগ একই উপজেলার কাচুটিয়া গ্রামের সিদ্দিক কারিগরের ছেলে। 
 
পুলিশের প্রাথমিক ধারণা, সোহাগকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।
 
জানা গেছে, গতকাল সোমবার সকালে সোহাগ অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেনি। পরদিন বেলা বারোটার দিকে দুলশী গ্রামের মাঠে তার মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী পুলিশে খবর দেয়। পুলিশ সেখানে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে পাশে পরে থাকা অটোরিকশাটি জব্দ করে।
 
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মৃতদেহটি নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠায় হয়েছে।
 
অন্যদিকে জেলার বড়াইগ্রাম উপজেলায় কাকলী খাতুন (২০) নামে এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার ধানাইদহ গ্রাম থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়। নিহত কাকলী একই গ্রামের মৃত করম আলীর মেয়ে। তিনি বনপাড়া শেখ ফজিলাতুন্নেসা মুজিব মহিলা অর্নাস কলেজের ডিগ্রি তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
 
স্থানীয়রা জানান, সোমবার রাতের খাবার শেষে কাকলী নিজ ঘরে ঘুমিয়ে যান। মঙ্গলবার সকালে বেলা গড়িয়ে গেলেও ঘুম থেকে জেগে না ওঠলে পরিবারের লোকজন ডাকাডাকি করতে থাকে। এ সময় ঘরের ভিতর থেকে কোন সাড়া না পেলে পরিবারের লোকজন দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে গলায় ওড়না পেচানো কাকলীর ঝুলন্ত লাশ দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাকলীকে হত্যা করা হয়েছে নাকি আত্মাহত্যা করেছে তা বলা যাচ্ছে না। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত সত্য জানা যাবে।