বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে দেশে ফিরিয়ে আনতে ভারতের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার। মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান সাংবাদিকদের এ কথা বলেন ।
সালাহউদ্দিনের বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি প্রসঙ্গে জানতে চাইলে মন্ত্রী বলেন, এ বিষয়ে ইন্টারপোলকে এখনো কিছুই জানানো হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনাও দেওয়া হয়নি। দেশে ফিরে আসার পরই জানা যাবে কীভাবে তিনি শিলং গেলেন। তবে নারায়ণগঞ্জের ওয়ার্ড কাউন্সিলর নূর হোসেন যেভাবে পাসপোর্ট ছাড়াই ভারত গিয়েছে, ঠিক একই কায়দায় বিএনপির নেতা সালাহউদ্দিনও গিয়েছেন।
প্রতিমন্ত্রী বলেন, এখনো আনুষ্ঠানিকভাবে ভারত সরকারকে সালাহউদ্দিনের ব্যাপারে জানানো হয়নি। ভারতও বাংলাদেশকে এ বিষযে জানায়নি।
প্রতিমন্ত্রী বলেন, ইতিমধ্যে নূর হোসেনের বিরুদ্ধে ভারত আইনি প্রক্রিয়া শুরু করছে। আর সালাহউদ্দিনের বিরুদ্ধে শুরু হয়েছে কি না, তা জানা নেই।
