জাতীয় অর্থনৈতিক পরিষদের (একনেক) নির্বাহী কমিটি কোস্টগার্ডের সক্ষমতা আরো বাড়ানোর জন্য একটি প্রকল্পসহ ১,৫৯১ কোটি টাকার আটটি উন্নয়ন প্রকল্প অনুমোদন করেছে।
একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে রাজধানীর শেরে বাংলানগরে এনইসি সম্মেলন কক্ষে মঙ্গলবার অনুষ্ঠিত একনেকের ২৮তম বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।
কোস্ট গার্ডের কর্মকাণ্ড জোরদার শিরোনামে গৃহীত প্রকল্পটি সাগরে যে কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড এবং মানবপাচার বন্ধে দেশের অভ্যন্তরীণ ও সমুদ্র জলসীমায় নজরদারি বাড়াতে সহায়ক হবে। এক্ষেত্রে কোস্ট গার্ড জাহাজ ও আটটি টহল বোট পাবে।
পরিকল্পনা মন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল বৈঠক শেষে সাংবাদিকদেরকে ব্রিফ করেন।
তিনি বলেন, প্রকল্পে সরকার জাতীয় কোষাগার থেকে ব্যয় করবে ১ হাজার পাঁচশ ৬৫ কোটি টাকা এবং সংশ্লিষ্ট সংস্থাগুলো নিজস্ব তহবিল থেকে ব্যয় করবে বাকি ২৫.৫০ কোটি টাকা।
পরিকল্পনা মন্ত্রী মুস্তফা কামাল বাংলাদেশ কোস্টগার্ড প্রকল্প সম্পর্কে বলেন, সরকার সমুদ্রে জাতীয় সম্পদ রক্ষায় এবং এই সম্পদের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে ৪৬৮ কোটি টাকার একটি প্রকল্প গ্রহণ করেছে। প্রকল্পের অধীন টহল জাহাজ, ৬টি উচ্চ গতিসম্পন্ন বোট, একটি ভাসমান ক্রেন, অফিস সরঞ্জাম এবং আসবাবপত্র ক্রয় করবে।
একনেক বৈঠকে অনুমোদন দেয়া অন্য প্রকল্পগুলো হলো : রাজশাহী কল্পনা সিনেমা হল থেকে তালাইমারি ক্রসিং পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্প (১২৭ কোটি টাকা), বাবুরহাট-মতলব-পেন্নাই সড়ক উন্নয়ন (১৩৪ কোটি টাকা), গাজীপুর-আজমতপুর-ইটাখোলা সড়কে শীতলক্ষা নদীর ওপর সড়ক নির্মাণ (১১৯.৯৮ কোটি টাকা।
দক্ষিণ-পশ্চিমাঞ্চলে পশু সম্পদ উন্নয়ন (৫৫.৪৮ কোটি টাকা), সিরাজগঞ্জ জেলায় কাজীপুর উপজেলায় যমুনা নদীর তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ (৪২০ কোটি টাকা), চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় ক্ষতিগ্রস্ত পোল্ডার নং ৫৪/১ এ, ৬৪/১ বি, এবং ৬৪/১ সি স্থায়ী সংস্কার (২০৯ কোটি টাকা) এবং ব্রাহ্মণবাড়িয়া উপজেলায় দুদকুমার নদীর ভাঙ্গন থেকে ভুরুঙ্গমারি-মাদারগঞ্জ সড়ক রক্ষা, কুড়িগ্রাম জেলায় উলিপুর উপজেলায় তিস্তা নদী ভাঙ্গন থেকে গুনাইগাচ থেকে সিনিয়র মাদ্রাসা সড়ক রক্ষা প্রকল্প (৫৪.৮৪ কোটি টাকা। খবর বাসস।
