ছাত্রের ওপর তিন মাদ্রাসা শিক্ষকের নির্যাতন

আপডেট : ১৯ মে ২০১৫, ১৮:৫০
দিনাজপুরে একটি কওমি মাদ্রাসায় চুরির অভিযোগ দিয়ে নয় বছর বয়সী এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে তিন শিক্ষকের বিরুদ্ধে।
 
গত শুক্রবার সদর উপজেলার কমলপুর ইউনিয়নের কমলপুর বাজারের নূরানী তালিমুল কোরআন হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে। ওই শিক্ষকরা কয়েক ঘণ্টা ধরে শিশুটিকে পিটায় বলে অভিযোগ করা হয়।
 
আবু সাঈদ নামের শিশুটি জুমার পর থেকে আসর পর্যন্ত শিক্ষকদের নির্যাতনে অসুস্থ হয়ে পড়ে। খবর পেয়ে সোমবার তাকে উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন তার বাবা হাসান আলী।
 
তিন শিক্ষক হাফেজ মো. রেজাউল ইসলাম, মওলানা রিয়াজুল ইসলাম ও মওলনা সরিফুল ইসলামকে ঘটনার পর থেকে আর ওই এলাকায় দেখা যায়নি।
 
শিক্ষার্থীরা জানায়, বিভিন্ন বিভাগ মিলিয়ে দেড়শর বেশি ছাত্র এ মাদ্রাসায় থেকে লেখাপড়া করে। সাঈদ পড়ে মাদ্রাসার হেফজ বিভাগে।
 
সাঈদ জানায়, এক ছাত্রের টাকা চুরির অভিযোগে শুক্রবার দুপুর থেকে বিকাল ৫টা পর্যন্ত একটি ঘরে আটকে তার ওপর নির্যাতন চালায় ওই তিন শিক্ষক। মার খেয়ে তিন দফা অচেতন হয়ে পড়ে সে।