পুঁজিবাজারে দিন দিন লেনদেনের পরিমাণ বাড়ছে। মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের পরিমাণ আটশ’ কোটি টাকা ছাড়িয়ে গেছে। যা গত ছয় মাসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ১২ নভেম্বর ডিএসইতে লেনদেন হয়েছিল ৮৪৬ কোটি টাকা। এরপর এই প্রথম লেনদেন আটশ’ কোটি টাকা ছাড়িয়ে গেল। ডিএসইতে লেনদেন বাড়লেও কমেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন।
আইডিএলসির দৈনন্দিন বাজার বিশ্লেষণে বলা হয়েছে,
তথ্যে দেখা গেছে, ডিএসই’র ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) ৫১ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএস-৩০ মূল্য সূচক ২০ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে মোট লেনদেন হয়েছে ৮০৮ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৫৪ কোটি ৭৬ লাখ টাকা বেশি। লেনদেনকৃত ৩১০টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২০৩টির, কমেছে ৭৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৩টি কোম্পানির শেয়ারের।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্য সূচক আগের দিনের চেয়ে ১৬৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৭৪৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৬৯ কোটি ৩২ লাখ টাকা। যা আগের দিনের চেয়ে ৩৩ কোটি টাকা কম। লেনদেনকৃত ২৪২টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৬৫টির কমেছে ৫৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানির শেয়ারের।
ডিএসই জানিয়েছে, পুঁজিবাজারে তালিকাভুক্ত বিডি থাই এ্যালমুনিয়ামের পরিচালনা পর্ষদ রাইট শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি অনুমোদিত মূলধনের পরিমাণও বাড়াবে। ১টি শেয়ারের বিপরীতে ১টি রাইট শেয়ার ইস্যু করা হবে। ১০ টাকা অভিহিত মূল্যের সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ ২৫টাকা দরে রাইট শেয়ার ইস্যু করা হবে। সাধারণ শেয়ারহোল্ডারদের বিশেষ সাধারণ সভা (ইজিএম) ও নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে রাইট শেয়ার ইস্যু করা হবে। কোম্পানিটির মূলধন ১০০ কোটি টাকা থেকে ২০০ কোটি টাকায় উন্নীত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ২২ জুন রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে সকাল সাড়ে ১০টায় ইজিএম অনুষ্ঠিত হবে।
এদিকে মঙ্গলবার ডিএসইতে শেয়ারদর কমার শীর্ষে ছিল বিডি থাই। এদিন কোম্পানিটির শেয়ারদর প্রায় সাড়ে ৭ শতাংশ কমেছে।
