শমসের মবিনের জামিন বহাল: কারামুক্তিতে বাধা নেই

আপডেট : ১৯ মে ২০১৫, ১৯:৪৬
নাশকতা ও পুলিশের কর্তব্যকাজে বাধা দেওয়ার অভিযোগে করা দুই মামলায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা শমসের মবিন চৌধুরীকে হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। জামিন আদেশ স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের করা আবেদনের ওপর কোন আদেশ দেননি আপিল বিভাগের চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। এই আদেশের ফলে শমসের মবিনের কারামুক্তিতে আইনগত কোন বাধা নেই বলে জানান আইনজীবীরা। 
 
বকশিবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে গত ২৪ ডিসেম্বর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার হাজিরা দেওয়াকে কেন্দ্র করে সরকার ও বিরোধী সমর্থক নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় চকবাজার ও শাহবাগ থানায় দুইটি মামলা করে পুলিশ। এই মামলায় গত ৬ মে কারাবন্দি শমসের মবিনকে জামিন দেয় হাইকোর্ট। কিন্তু জামিন আদেশ স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ।  
আদালতে রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যার্টনি জেনারেল মো. মোমতাজ উদ্দিন ফকির ও শমসের মবিনের পক্ষে ব্যারিস্টার মওদুদ আহমদ শুনানি করেন।