খালেদা জিয়ার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনের মামলায় চার্জশিট দাখিল

আপডেট : ১৯ মে ২০১৫, ২১:৪৯
 
 
রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে দায়েরকৃত মামলায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ৩৮ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে পুলিশ।
 
মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার সিএমএম আদালতে এ চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের এসআই জাহিদুল ইসলাম।
 
এ নিয়ে একই ঘটনায় পৃথক আইনে দায়ের করা দুটি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে চার্জশিট দাখিল করল পুলিশ।
 
এ মামলায় খালেদা জিয়াসহ ৩১ জনকে পলাতক দেখিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিরর আবেদন করা হয়েছে। এছাড়া আসামিদের মধ্যে বর্তমানে ৭ জন কারাগারে আছেন।
 
বিশেষ ক্ষমতা আইনের মামলায় দেয়া চার্জশিটে খালেদা জিয়াকে প্রধান আসামি করা হয়েছে। সাক্ষী করা হয়েছে ৮১ জনকে।
 
এতে উল্লেখযোগ্য আসামিরা হলেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, বরকত উল্লাহ বুলু, আমান উল্লাহ আমান, খালেদা জিয়ার উপদেষ্টা অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, শওকত মাহমুদ, বিশেষ সহকারী শামসুল ইসলাম শিমুল বিশ্বাস, প্রেসসচিব মারুফ কামাল খান, মীর আবু জাফর শামসুদ্দিন দিদার, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী সপু, বিএনপির ঢাকা মহানগরের সদস্য সচিব হাবিবুন্নবী খান সোহেল, ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজিজুল বারী হেলাল, সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ, তার ছেলে তানভীর ওরফে রবিন, নবীউল্লাহ নবী, কাইয়ূম কমিশনার, লতিফ কমিশনার এবং পেশাজীবী দলের নেতা সেলিম ভূঁইয়া।
 
এছাড়া অভিযোগ প্রাথমিকভাবে প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত অপর ৪২ আসামিকে মামলার দায় থেকে অব্যাহতি দেওয়ার আবেদন জানিয়েছে পুলিশ।
 
এর আগে গত ৬ মে একই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনের মামলায় আরো একটি চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের অপর এসআই বশির আহমেদ।
 
২০ দলীয় জোটের ডাকা অবরোধ ও হরতালের মধ্যে গত ২৩ জানুয়ারি যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন।
 
এর মধ্যে নূর আলম নামে এক ঠিকাদার চিকিত্সাধীন অবস্থায় মারা যান। ওই ঘটনায় ২৪ জানুয়ারি দুটি মামলা করেন যাত্রাবাড়ী থানার এসআই কে এম নুরুজ্জামান। এতে বিএনপি চেয়ারপারসনকে হুকুমের আসামি করা হয়।