ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক ড. স্বপন কুমার বালা বলেছেন, ডিএসইতে সদ্য চালু করা নতুন ট্রেডিং প্লাটফর্মের পরবর্তী কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আগামী জুনের মধ্যে মোবাইল ফোনের মাধ্যমে শেয়ার কেনাবেচার সুবিধা চালু করা হবে। মোবাইল অ্যাপের মাধ্যমে বিনিয়োগকারীরা নিজেদের স্মার্টফোন ব্যবহার করে নিজেই শেয়ার কেনাবেচনা করতে পারবেন। এছাড়া নিজের পোর্টফোলিওর অবস্থা জানতে এবং বিভিন্ন কোম্পানির শেয়ার দর পর্যবেক্ষণ করতে পারবেন।
সম্প্রতি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং ডিএসইর যৌথ উদ্যোগে সিলেটের একটি হোটেলে দিনব্যাপী আঞ্চলিক বিনিয়োগকারী সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, পুঁজিবাজার ও বিনিয়োগকারীদের বৃহত্তর স্বার্থে বিনিয়োগকারীদের সচেতনতা বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য ডিএসই নিয়মিত ঢাকা এবং ঢাকার বাইরে বিনিয়োগকারী সচেতনতামূলক কর্মশালার আয়োজন করছে।
কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএসইসির নির্বাহী পরিচালক মো. সাইফুর রহমান, ডিএসই ট্রেনিং একাডেমির উপ-মহাব্যবস্থাপক হোসনে আরা পারভীন, সার্ভেইল্যান্স ডিপার্টমেন্টের ব্যবস্থাপক মো. আব্দুল লতিফ এবং ট্রেনিং একাডেমির ব্যবস্থাপক রনি ইসলাম।
