কারখানা নিরীক্ষার নামে চাঁদাবাজির অভিযোগ

আপডেট : ১৯ মে ২০১৫, ২১:৪১
গার্মেন্ট কারখানা নিরীক্ষার নামে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ তুলেছেন বিজিএমইএ’র নেতারা। 
 
মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় কাস্টমস বন্ড কমিশনার সাইফুল ইসলামের সঙ্গে সাক্ষাৎ করে তারা এ অভিযোগ তোলেন। 
 
তারা বলেন, পোশাক কারখানা নিরীক্ষিার জন্য বন্ড কমিশনারেট ছাড়াও নতুন করে শুল্ক মূল্যায়ন ও নিরীক্ষা অধিদপ্তরকে দায়িত্ব দেয়া হয়েছে। এর ফলে সময় নষ্ট হচ্ছে। সেই সঙ্গে নানা ছুতায় মালিকপক্ষের কাছ থেকে অবৈধ পন্থায় অর্থ আদায় করছে। এছাড়া গার্মেন্টস খাতে বিভিন্ন উপকরণ ও সেবা সরবরাহের উপর চলতি অর্থবছর থেকে ভ্যাট প্রত্যাহার করা হলেও অতীতের সময়ের জন্য তা চওয়া হচ্ছে। এটি নিয়েও মাঠ পর্যায়ের কর্মকর্তারা কারখানা মালিকদের উপর চাপ সৃষ্টি করছেন। তাদের ভয়-ভীতি দেখিয়ে হয়রানি করা ও অর্থ আদায়ের অভিযোগও তোলা হয়। বৈঠক সূত্রে এ তথ্য জানা গেছে। 
 
বৈঠকে বিজিএমইএ’র সহ-সভাপতি শহীদুল্লাহ আজিম প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় বিজিএমইএ’র ঊর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 
 
যোগাযোগ করা হলে ইত্তেফাককে তিনি বলেন, একাধিকবার নিরীক্ষার নামে অামাদের হয়রানি করা হচ্ছে। মালিকপক্ষকে অর্থ দিতে বাধ্য করা হচ্ছে। এ থেকে পরিত্রাণের লক্ষ্যে আমরা কেবল একবার কারখানা নিরীক্ষার দাবি জানিয়েছি। আর সরবরাহের ওপর ভ্যাট প্রত্যাহার করা হলেও বিগত চার বছরের ভ্যাটের হিসাব ও অর্থ চাওয়া হচ্ছে। এ নিয়ে মালিকরা হয়রানির মধ্যে রয়েছে।