ভারতীয় প্রধান নির্বাচক অনেকদিন হলো, সংবাদ সম্মেলন করে জাতীয় দল ঘোষণা করেন না। তবে সে দেশের পত্রিকাগুলো জানাচ্ছে, সব ঠিক থাকলে দীর্ঘদিন পর মঙ্গলবার সংবাদ সম্মেলন করে ঘোষণা করা হবে বাংলাদেশ সফরের টেস্ট ও ওয়ানডে দল।
আর ‘ডেইলি নিউজ নেটওয়ার্ক’ (ডিএনএ) দাবি করছে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে টেস্ট দলকে নেতৃত্ব দেবেন বিরাট কোহলিই। তবে ওয়ানডে স্কোয়াডে তিনি ও ধোনি থাকবেন না বলেই তাদের অনুমান।
বিরাট কোহলি ভারতের আনুষ্ঠানিক টেস্ট অধিনায়ক হওয়ার পর এখনও দলটি কোথাও টেস্ট খেলেনি। সর্বশেষ মাঠে তিনি অধিনায়কত্ব করেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেডে। নিয়মিত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অনুপস্থিতিতে দল সামলেছিলেন তিনি। সেখানে জোড়া সেঞ্চুরিও করেছিলেন। এরপরের দুই টেস্টে ধোনি এসে দায়িত্ব সামলান। আর সেখানেই শেষ টেস্টের পর এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে সবাইকে তাজ্জব করে টেস্ট থেকে অবসর নিয়ে ফেলেন ধোনি।
তার পরপরই কোহলিকে নিয়মিত অধিনায়ক ঘোষণা করে ভারত। কিন্তু এই নতুন অধিনায়ক এখনো কোনো সিরিজে দায়িত্ব পালন করেননি। আর সে কারণেই কোহলি নিজের সিদ্ধান্ত থেকে সরে আসছেন বলে অনুমান করছে ডিএনএ।
কোহলি আসলে আইপিএল চলা অবস্থা থেকেই ছুটি চাচ্ছিলেন। গত এক-দেড় বছর ধরে টানা ক্রিকেট খেলে ক্লান্ত কোহলি, ধোনিরা বাংলাদেশ ও জিম্বাবুয়ে সফরে ছুটি চাচ্ছিলেন। বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়াতে টানা টেস্ট, বিশ্বকাপ এবং সর্বশেষ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলেছেন তিনি। তাই ছুটি চেয়েছিলেন বোর্ডের কাছে। অবশ্য শুধু তিনি নয়, ওয়ানডে দলের অধিনায়ক ধোনি এমনকি সুরেশ রায়না পর্যন্ত বাংলাদেশ সিরিজ খেলতে গড়িমসি করছেন যা তাদের কথিত ‘ছুটি’ নেওয়ার খবরেই পরিষ্কার।
তাই ফতুল্লায় অনুষ্ঠিতব্য বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্টে কোহলি থাকছেন না, এটা ধরেই নেওয়া হয়েছিল। তার জায়গায় দলের নেতৃত্বে বোর্ডের পছন্দ তিনজন। টেস্ট অধিনায়ক হওয়ার দৌড়ে নাকি এগিয়ে ছিলেন চেতেশ্বর পূজারা! পূজারা ছাড়া বাকি দুজন হলেন আজিঙ্কা রাহানে এবং রবিচন্দন আশ্বিন।
কিন্তু ডিএনএ বলছে, বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তাদের সঙ্গে দফায় দফায় বৈঠকের পর মত বদলেছেন তিনি। এই মত বদলানোর অন্যতম কারণ নাকি এটা যে, টেস্ট অধিনায়ক হওয়ার পর প্রথম সিরিজেই ছুটিতে থাকলে সেটা কোহলির প্রোফাইলে খারাপ প্রভাব ফেলতে পারে। এমনকি বোর্ড কর্মকর্তারা নাকি পরোক্ষে এ বিষয়ে কোহলিকে সতর্কও করে দিয়েছেন।
টেস্ট দল সে ক্ষেত্রে সিডনিতে খেলা ভারতের শেষ টেস্টের হুবহু একই থাকারই সম্ভাবনা বেশী। কিন্তু ওয়ানডেতে একেবারেই খোল নলচে বদলে ফেলা দল দেখা যেতে পারে। ওয়ানডের অধিনায়ক ধোনি, কোহলি এবং আরেক সিনিয়র সুরেশ রায়নাও নাকি ছুটির আবেদন করে বসে আছেন।
