আন্দোলনে ক্ষতিগ্রস্ত কর্মীদের সহায়তা দেবে বিএনপি

আপডেট : ২০ মে ২০১৫, ০১:২২

বিগত আন্দোলন ঘিরে সারাদেশে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে যারা হত্যা, গুম, ক্রসফায়ার, অপহরণ ও গুরুতর আঘাতের শিকার হয়েছেন তাদের সহায়তা করার উদ্যোগ নিয়েছে বিএনপি। তাদের তালিকা প্রণয়ন করে আর্থিক অনুদানসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে। এই সহায়তা হবে স্বল্প এবং দীর্ঘ মেয়াদী। আপাতত আর্থিক সহায়তার পর বিএনপি ক্ষমতায় গেলে ক্ষতিগ্রস্তদের পরিবারের সদস্যদের চাকরিসহ পুনর্বাসনের ব্যবস্থা নেয়া হবে। দলের দায়িত্বশীল সূত্র থেকে এ খবর পাওয়া গেছে।

 
সূত্র জানায়, এ লক্ষ্যে সারা দেশে তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। সারাদেশে দলের প্রতিটি অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর চিঠি পাঠানো হয়েছে। মুখপাত্রের দায়িত্বে থাকা বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন চিঠিতে স্বাক্ষর করেন। চিঠিতে বলা হয়েছে যে, ‘২০১৫ সালের ৫ জানুয়ারির পর হতে মহানগর, জেলা, উপজেলায় আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি দল কর্তৃক অঙ্গ সংগঠনের কতজন নেতাকর্মী-সমর্থক ক্রসফায়ারে, নির্যাতনে বা অন্য কোনোভাবে নিহত হয়েছেন, গুরুতর আহত হয়েছেন, কতজন অপহরণ, গুম হয়েছেন কতজন তাদের পদ ও দলীয় পরিচয়সহ পূর্ণ নাম-ঠিকানা আগামী ১০ দিনের মধ্যে বিএনপির কেন্দ্রীয় দফতরে প্রেরণের জন্য জরুরি ভিত্তিতে অনুরোধ করা গেল।’
 
এছাড়া সারাদেশে মামলায় জর্জরিত নেতা-কর্মীদের আইনি সহায়তা দিতে তাদের নাম লিপিবদ্ধ করা হচ্ছে বলেও দলটির সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বিগত দিনে আন্দোলনকে কেন্দ্র করে যাদের নামে মামলা হয়েছে তাদেরও তালিকা তৈরির কাজ শুরু হচ্ছে। এছাড়া কারাগারে আটক নেতাকর্মীদের কার নামে কয়টা মামলা আছে সেটাও লিপিবদ্ধ করা হচ্ছে। দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নির্দেশনা অনুযায়ী তাদের বিএনপির পক্ষ থেকে আইনি সহায়তা দেয়ার উদ্যোগ নেয়া হবে। তালিকা প্রসঙ্গে বিএনপির একজন নেতা জানান, আমরা খুন, গুম ও নিখোঁজ নেতাকর্মীদের তালিকা তৈরির কাজ সংগঠনের পক্ষ থেকে শুরু করেছি। সারাদেশে সংগঠনের নেতাকর্মীদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়েছে। আশা করি খুব অল্প সময়ের মধ্যে তারা তালিকা তৈরি করে কেন্দ্রে জমা দিতে পারব। দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এ তালিকা হাতে পাওয়ার পর তাদের সহায়তার ব্যাপারে ব্যবস্থা নেবেন।
 
দলের একজন দায়িত্বশীল সিনিয়র নেতা বলেন, বিএনপি বিগত আন্দোলনের সময় সারাদেশে দলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে যারা হত্যা, গুম, ক্রসফায়ার, অপহরণ ও গুরুতর আঘাতের শিকার হয়েছেন তাদের জন্য সবকিছু করার সিদ্ধান্ত নিয়েছে। তাদের ত্যাগকে যথাযথভাবে সম্মানিত করা হবে। এজন্য যা যা পদক্ষেপ নেয়া দরকার তা নেয়ার জন্য দলের চেয়ারপার্সন নির্দেশনা দিয়েছেন।
 
বিএনপিতে পদ পুনর্বিন্যাস
 
এদিকে বিএনপিতে পদ পুনর্বণ্টন করা হয়েছে গতকাল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দলের গঠনতন্ত্রে প্রাপ্ত ক্ষমতাবলে যুবদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আবদুস সালাম আজাদকে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ-সাংগঠনিক সম্পাদক হিসাবে মনোনীত করেছেন। এই পদে ছিলেন সদ্য প্রয়াত নাসির উদ্দিন আহমদ পিন্টু। এছাড়া তাইফুল ইসলাম টিপুকে বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির সহ-দফতর সম্পাদক হিসেবে মনোনীত করেছেন। তাইফুল ইসলাম টিপু রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক-সভাপতি, কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক এবং কেন্দ্রীয় যুবদলের সদস্য ছিলেন।
 
যুক্তরাজ্য বিএনপির নতুন কমিটি গঠন
 
শায়েস্তা চৌধুরী কুদ্দুসকে প্রধান উপদেষ্টা, আবদুল মালেককে সভাপতি এবং এম কয়সার আহমেদকে সাধারণ সম্পাদক করে বিএনপি যুক্তরাজ্য শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। গতকাল মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়।
 
সংলাপের আহবান
 
গতকাল মঙ্গলবার বিকালে নয়াপল্টনের বিএনপির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন ‘সংঘাত নয় শান্তি চাই’- প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই বক্তব্যের ‘দৃষ্টিভঙ্গি’কে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, বিএনপি সংঘাতের রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি সবসময় সংঘাত পরিহার করে সমঝোতার মাধ্যমে দেশের শান্তি বজায় রাখার জন্য কাজ করছে, এখনো করবে। আমি বিশ্বাস করি প্রধানমন্ত্রীর বক্তব্যের পর, দেশের শান্তির জন্য যেসব বাধা রয়েছে, সেসব বাধা দূর হবে। বিরোধী দলকে দমন বা নিশ্চিহ্ন করার জন্য যে ষড়যন্ত্র করা হচ্ছে তা থেকে সরকার সরে দাঁড়াবে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখতে চান। তাই আমরা আশা করি শান্তি প্রতিষ্ঠার জন্য সংলাপের পরিবেশ সৃষ্টি করে তিনি আলোচনায় বসবেন। আমরা সংলাপ চাই। এসময় তিনি বিএনপিসহ ২০ দলীয় জোটের সব নেতাকর্মীর মুক্তির দাবি জানান।