ডিএনডির ইরিগেশন খালের (ক্যানেল) উভয় পাড় আবারো দখল হয়ে যাচ্ছে। অবৈধভাবে গড়ে উঠছে দোকান-পাট, হোটেল, অফিস, বাড়ি-ঘরসহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়সহ নানা স্থাপনা। এতে ডিএনডি খালের পরিবেশ নষ্ট হয়ে যাচ্ছে। ঢাকার ডেমরা থানার সারুলিয়া থেকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল চৌধুরীবাড়ি বাসস্ট্যান্ড পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার দীর্ঘ ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডির) নিষ্কাশন খাল (ক্যানেল) রয়েছে। খালের উভয় পাড় দখল করে অবৈধভাবে গড়ে উঠেছে নানা স্থাপনা। দিন দিন এ অবৈধ স্থাপনা বাড়ছে।
স্থানীয়রা জানান, বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে ডিএনডি খালের উভয় পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর কিছুদিন পর আবারো অবৈধ স্থাপনা গড়ে উঠতে শুরু করে।
ডিএনডি সেচ বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী আবু সাঈদ জানান, উচ্ছেদ করতে গেলে বাজেটের প্রয়োজন হয়। আমাদের তেমন বাজেট না থাকায় উচ্ছেদ অভিযান চালাতে পারছি না।
