গাড়ি পোড়ানোর তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন ও পুলিশের রিমান্ড আবেদন নাকচ করে তাকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। বুধবার ঢাকার মহানগর হাকিম অশোক কুমার দত্ত দুই পক্ষের বক্তব্য শুনে এই আদেশ দেন।
মির্জা ফখরুলকে এই তিন মামলায় গ্রেফতার দেখিয়ে প্রত্যেক মামলায় ১০ দিন করে মোট ৩০ দিনের রিমান্ডের আবেদন করে পল্টন থানা পুলিশ। বিচারক গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করে রিমান্ড আবেদনের শুনানির জন্য বুধবার দিন রাখেন। সে অনুযায়ী সকালে মির্জা ফখরুলকে আদালতে হাজির করা হয়। রাষ্ট্রপক্ষে রিমান্ডের আবেদনের শুনানি করেন সহকারী পাবলিক প্রসিকিউটর সালাম হাই টুনি। এর বিরোধিতা করে ফখরুলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার ও জয়নাল আবেদীন মেসবাহ।
শুনানি শেষে বিচারক দুই আবেদনই নাকচ করে দেন এবং প্রয়োজনে আগামী তিন দিনের মধ্যে কারাফটকে মির্জা ফখরুলকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন তদন্ত কর্মকর্তাদের।
