‘হাই হিল’ নিয়ে কান চলচ্চিত্র উৎসবে বিপত্তি

আপডেট : ২০ মে ২০১৫, ১২:৪৮
 
হাই হিল জুতো নিয়ে বেশ বিপত্তিতে পড়েছেন কান চলচ্চিত্র উৎসবের আয়োজকরা। নারীরা যে পোশাকই পরেন না কেন, হাই হিল জুতো অবশ্যই থাকতে হবে। কিন্তু এ নিয়ে অনেকে সমালোচনা করেছেন কানের এই কঠোর নিয়মের। বিশেষ করে মধ্যবয়সী নারীদের হাই হিল জুতো পরে হাঁটাহাটি করাটা দারুণ যন্ত্রণাদায়ক বলে মন্তব্য করেছেন তারা।
 
রবিবার প্রিমিয়ারে কয়েকজন মধ্যবয়সী নারীকে নিরাপত্তারক্ষীরা প্রবেশে বাধা দেন। কারণ তাদের পায়ে হিল জুতো ছিল না। এ ঘটনাকে খুবই অস্বস্তিকর এবং হতাশাজনক বলে মন্তব্য করেছেন অভিনেত্রী এমিলি ব্লান্ট। এমিলি বলেন, নারীদের একটা বয়সের পর হিলবিহীন জুতো পরা উচিত। এটাই তারা করেন। কিন্তু এসব নিয়ম পালনযোগ্য নয়।
 
ফ্রেঞ্চ-কানাডিয়ান চিত্র পরিচালক ডেনিস ভিলেনিউভ কৌতুক করে বলেন, আমি এবং আমার ছবির অভিনেতারা হিল জুতো পরে আসবো বলে ভাবছি।
 
ঐতিহ্য ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যকে কঠিনভাবে মেনে চলে কান চলচ্চিত্র উত্সব। নারী-পুরুষ উভয়ের জন্যে ড্রেস কোড দিয়ে দেওয়া হয় যা কঠোরভাবে পালনীয়। লাল গালিচায় হাঁটতে হলে বহু নিয়ম পালন করতে হয়। পুরুষদের পরতে হয় টুক্সেডোসের সঙ্গে বো টাই এবং কালো জুতো। নারীরা যে পোশাকই পরেন না কেন, হাই হিল জুতো অবশ্যই থাকতে হবে।
 
উত্সব আয়োজকদের এক মুখপাত্র ক্রিস্টাইন এইমি অবশ্য বলেন, নিরাপত্তারক্ষীরা আসলে ভুল করেছেন। কারণ এখানে হিলের উচ্চতা বিষয়ে কিছু বলা হয়নি। আমরা আসলে এসব নিয়মের প্রতি শ্রদ্ধা জানাতে চাই। সূত্র : হিন্দুস্তান টাইমস