অবশেষে বার্সেলোনা ছাড়ছেন জাভি

আপডেট : ২০ মে ২০১৫, ১৫:০৮
 
ছোটবেলার ক্লাব বার্সেলোনা ছেড়ে অবশেষে কাতারি ক্লাব আল সাদে পাড়ি জমাচ্ছেন তারকা মিডফিল্ডার জাভি হার্নান্দেজ। এমন তথ্যই দিয়েছেন জাভির বাবার জোয়াকুইন হার্নান্দেজ।
 
স্থানীয় রেডিও কোপ এ বিষয়টি নিশ্চিত করে ৩৫ বছর বয়সী এই ফুটবলারের বাবা বলেছেন, ‘অবশেষে সেই মুহূর্ত এলো যখন জাভি বার্সেলোনাকে বিদায় জানাচ্ছে।’
 
জোয়াকুইন আরো জানিয়েছেন আল সাদে জাভি একইসাথে খেলোয়াড় ও কোচ হিসেবে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। আর একইসাথে দুই ভূমিকায় কাজ করতে পারাটা জাভির ভবিষ্যতের জন্য দারুণ একটি সুযোগ। সূত্র মতে জানা গেছে, আগামী তিন বছরের জন্য তিনি আল সাদের সাথে চুক্তিবদ্ধ হবেন।
 
বার্সেলোনার সর্বকালের সেরা বর্ণাঢ্য একজন খেলোয়াড় হিসেবে সবসময়ই জাভিকে বিবেচনা করা হয়। এছাড়া জাতীয় দলের জার্সি গায়ে স্পেনের হয়ে ইউরো ও বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন। গত মার্চেই আল সাদের ম্যানেজারের সাথে জাভির সাক্ষাতের বিষয়টি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফলাও করে প্রচারিত হয়েছিল। কিন্তু সেই সময় কাতারি ক্লাবটি থেকে বলা হয়েছিল কোনো বিষয়ই এখনো চূড়ান্ত নয়। স্প্যানিশ গণমাধ্যম জানিয়েছে আগামীকাল বৃহস্পতিবার জাভি ব্যক্তিগতভাবে এ সম্পর্কে সংবাদ সম্মেলনে ঘোষনা দিবেন। যদিও স্প্যানিশ লিগ চ্যাম্পিয়ন বার্সেলোনার সাথে তার চুক্তি আগামী বছর পর্যন্ত আছে। কিন্তু ইতোমধ্যেই ক্লাবের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছে যদি সে চলে যেতে চায় তবে তারা কোনো প্রকার বাধা দিবে না।
 
এ সম্পর্কে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তাম্যু গত মার্চে বলেছিলেন, নিজের ভবিষ্যত সম্পর্কে সিদ্ধান্ত নেবার সব যোগ্যতা জাভি অর্জন করেছে।
 
এর আগে আল সাদের হয়ে রিয়াল মাদ্রিদের তারকা উইঙ্গার রাওল ৩৯টি ম্যাচ খেলেছিলেন। কাতারের অন্যতম শীর্ষ ক্লাবটিতে এখন রাওলের পদাঙ্ক অনুসরন করে জাভি যাচ্ছেন। ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত রাওল এই ক্লাবে খেলেছেন। এরপর তিনি নিউ ইয়র্ক কসমসে পাড়ি জমান।
 
রবিবার আতলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে পরাজিত করে বার্সেলোনা এক ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করে। এই জয়ের পরে জাভি অন্যান্যদের সাথে দারুণ উচ্ছাসে ভেসে উঠেন। লা লিগায় এটি ছিল তার অষ্টম শিরোপা এবং সব মিলিয়ে বার্সেলোনার হয়ে ২৩তম শিরোপা। ক্লাবের ইতিহাসে আর কোনো খেলোয়াড় বার্সেলোনা জার্সি গায়ে এত শিরোপা লাভ করেননি। এখনো তার সামনে সুযোগ আছে শেষ বছরটি ট্রেবল জয়ের মাধ্যমে শেষ করা। বার্সেলোনার সামনে এখনো অপেক্ষা করছে স্প্যানিশ কাপ এবং চ্যাম্পিয়নস লিগের শিরোপা।
 
১৯৯১ সালে মাত্র ১১ বছর বয়সে জাভি বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। এই ক্লাবের হয়ে তিনি ৭৬০টিরও বেশি ম্যাচে অংশ নিয়েছেন যা সর্বকালের সর্বোচ্চ। কাতারি ক্লাবে যোগদানের মাধ্যমে বাসর্েলোনার মূল দলের সাথে তার ১৭ বছরের ক্যারিয়ারের সমাপ্তি ঘটতে যাচ্ছে। এই সময়ের মধ্যে জাভি তিনটি চ্যাম্পিয়নস লীগ, দু’টি ফিফা ক্লাব বিশ্বকাপ এবং আটটি লা লিগার শিরোপা জিতেছেন। এছাড়া স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপ এবং ২০০৮ ও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশীপের শিরোপা পাওয়া দলের সাথেও তিনি ছিলেন।

খবর বাসসের।