ধর্ষণের অভিযোগ এনে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে করা মামলার চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপীর নারাজি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। একই সঙ্গে এই মামলা থেকে রুবেলকে অব্যাতি দেয়া হয়েছে। বুধবার দুপুরে শুনানি শেষে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল এই আদেশ দেন।
এসময় আদালতে রুবেল ও হ্যাপি উপস্থিত ছিলেন।
এর আগে গত ১৭ মে রুবেলকে অব্যাহতি দিয়ে দেয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন জানান হ্যাপী।
বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক গড়ে তোলার অভিযোগে মিরপুর থানায় গত বছরের ১৩ ডিসেম্বর রুবেলের বিরুদ্ধে মামলা করেন হ্যাপী। এই মামলায় কারাগারে থাকার পর জামিনে মুক্ত হয়ে বিশ্বকাপে অংশ নেন রুবেল।
গত ৬ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের নারী সহায়তা ও তদন্ত বিভাগের পরিদর্শক (ভিক্টিম সাপোর্ট সেন্টার) পরিদর্শক হালিমা খাতুন মুখ্য মহানগর হাকিমের আদালতে চূড়ান্ত প্র্রতিবেদন দাখিল করেন।
প্রতিবেদনে বলা হয়, হ্যাপী ধর্ষণের যেসব আলামত উপস্থাপন করেছিলেন তাতে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। বাদীকে পরীক্ষা করে তিন সদস্যের মেডিকেল বোর্ডও জানিয়েছেন, জোর করে শারীরিক সম্পর্ক স্থাপনের কোনো আলামত তারা পাননি।
গত ১৩ এপ্রিল চূড়ান্ত প্রতিবেদনসহ মামলার নথিপত্র শুনানির জন্য নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে পাঠিয়ে দেন। প্রতিবেদনের বিরুদ্ধে হ্যাপী নারাজি আবেদন জানালে আদালত শুনানির জন্য আজ দিন ধার্য করে।
