বাংলাদেশে পূর্ণশক্তি নিয়ে আসছে ভারত দল

আপডেট : ২১ মে ২০১৫, ১১:৩৫
 
বাংলাদেশের বিপক্ষে টেস্ট ম্যাচ ও ওয়ানডের জন্য দল ঘোষণা করেছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। বুধবার বোর্ডের পক্ষ থেকে এই দল ঘোষণা আসে।
 
বাংলাদেশ সফরে আসতে অভিজ্ঞ ক্রিকেটারদের গুরুত্ব দিচ্ছে ভারত। টেস্টের দলে নতুন করে জায়গা পেয়েছেন আইপিএলে দারুণ ফর্মে থাকা অফ স্পিনার হরভজন সিং। মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৪ ম্যাচে ১৬ উইকেট পেয়েছেন তিনি। অন্যদিকে বাদ পড়েছেন বাঁ-হাতি স্পিনার রবীন্দ্র জাদেজা। আর চোটের কারণে রাখা হয়নি পেসার মোহাম্মদ সামিকে। তার পরিবর্তে ওয়ানডেতে জায়গা পেয়েছেন ধাওয়াল কুলকার্নি।
 
একটি টেস্ট ও তিনটি ওয়ানডে খেলতে ৭ জুন বাংলাদেশে আসবে ভারত। এতে টেস্টে অধিনায়কত্ব করবেন বিরাট কোহলি এবং ওয়ানডেতে থাকবেন মহেন্দ্র সিং ধোনি।
 
গত বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারত-বাংলাদেশের বিতর্কিত ম্যাচের পর এই প্রথমবারের মতো মাঠে মুখোমুখি হতে যাচ্ছে দল দুইটি।
 
১০ জুন থেকে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে বাংলাদেশ-ভারতের একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে। আর ১৮, ২১ ও ২৪ জুন দিবা-রাত্রির তিনটি ওয়ানডে হবে মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে।
 
টেস্টের ভারত দল: বিরাট কোহলি (অধিনায়ক), মুরালি বিজয়, শিখর ধাওয়ান, লোকেশ রাহুল, চেতেশ্বর পুজারা, আজিঙ্কা রাহানে, রোহিত শর্মা,  ঋদ্ধিমান সাহা, রবিচন্দ্রন অশ্বিন, হরভজন সিং, কর্ন শর্মা, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, বরুন অ্যারন, ইশান্ত শর্মা।
 
ওয়ানডের ভারত দল: মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), রোহিত শর্মা, আজিঙ্কা রাহানে, শিখর ধাওয়ান, বিরাট কোহলি, সুরেশ রায়না, আম্বাতি রাইডু, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ভুবনেশ্বর কুমার, উমেশ যাদব, মোহিত শর্মা, স্টুয়ার্ট বিনি, ধাওয়াল কুলকার্নি। সূত্র: এনডিটিভি।