পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে অবৈধভাবে আনা দুই হাজার ৫০০ পিছ ভারতীয় বাইসাইকেল আটক করেছে (বিজিবি) বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এ সময় এসব সাইকেল বহনকারী পাঁচটি ট্রাকসহ চালক ও সহকারীদের আটক করা হয়েছে।
জানা গেছে, গতকাল মঙ্গলবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে পঞ্চগড়-ঢাকা মহাসড়কে পাঁচ ট্রাকবোঝাই এসব সাইকেল আটক করা হয়। আটককৃত বাইসাইকেলের এ চালানের সিএন্ডএফ এজেন্ট এবি ব্রাদার্স এবং এর স্বত্ত্বাধিকারী বিনয় বাবু।
বুধবার বিকেলে এই রিপোর্ট লেখা পর্যন্ত আটককৃত মালামালের জব্দ তালিকা তৈরির কাজ চলছিল এবং আটককৃত ট্রাক চালক ও সহকারীদেরকে বিজিবি ব্যাটালিয়ন সদরেই রাখা হয়েছে।
বিজিবি ও স্থানীয়রা জানায়, বাংলাবান্ধা শুল্কবন্দর দিয়ে স্থলবন্দর কর্তৃপক্ষ, কাস্টমস, সিএন্ডএফ এজেন্ট এবং কয়েকজন অসাধু আমদানিকারক দীর্ঘদিন ধরে মোটা অংকের টাকা রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে বিভিন্ন পণ্য আমদানি করে আসছিলেন। ৪৮০ পিছ বাইসাইকেলের রাজস্ব দিয়ে অবৈধভাবে প্রায় দুই হাজার ৫০০ পিছ ভারতীয় বাইসাইকেল আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের সামনে চেকপোস্ট বসিয়ে সাইকেল ভর্তি দুইটি ট্রাক আটক করা হয়। বাকি তিনটি ট্রাক ভিন্ন সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে তেঁতুলিয়া উপজেলার ভজনপুর এলাকা থেকে বিজিবি সদস্যরা এসব ট্রাকও আটক করে। উদ্ধারকৃত পণ্যের মূল্য প্রায় দুই কোটি টাকা।
এ ব্যাপারে বিস্তারিত জানতে পঞ্চগড় কাস্টমস ও ভ্যাট সার্কেলের সহকারী কমিশনার মো. জাকরিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের ম্যানেজার কাজী আল তারেক ও সিএন্ডএফ এজেন্ট এবি ব্রাদার্সের স্বত্ত্বাধিকারী বিনয় বাবুর সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল হক বলেন, '৪৮০ পিছ বাইসাইকেলের বৈধ কাগজ পাওয়া গেছে। বাকি প্রায় দুই হাজার পিছ সাইকেলের আমদানি শুল্ক প্রায় ৫৭ হাজার টাকা ফাঁকি দেওয়া হয়েছে। উদ্ধারকৃত পণ্যের জব্দ তালিকা হচ্ছে। তালিকা প্রস্তুত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ সালাহ উদ্দিন বলেন, 'আটককৃত দুই হাজার ৫০০ পিছ বাইসাইকেলের প্রতিটি প্যাকেটে ভারতীয় সিল রয়েছে।'
