সরোয়ার, পাপিয়াসহ তিন বিএনপি নেতার জামিন

আপডেট : ২০ মে ২০১৫, ১৯:৩৯
 
নাশকতার একাধিক মামলায় বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ও বিএনপি নেতা মজিবুর রহমান সরোয়ার, সাবেক এমপি সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া ও গাজীপুরের বিএনপি নেতা অ্যাডভোকেট নজরুল ইসলাম বিকিকে চার সপ্তাহের জামিন দিয়েছে হাইকোর্ট। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি মো. খসরুজ্জামানের ডিভিশন বেঞ্চ বুধবার এই আদেশ দেন।
 
এদিকে নাশকতার দুটি মামলায় বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসিরউদ্দিন আহমেদ অসীমকে হাইকোর্টের দেয়া জামিন আদেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গত ১০ মে হাইকোর্ট ধানমন্ডি থানার দুটি মামলায় অসীমকে চার সপ্তাহের জামিন দেয়। এই জামিন স্থগিত চেয়ে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। বুধবার আপিল বিভাগের চেম্বার জজ বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন হাইকোর্টের জামিন আদেশ স্থগিত করেননি।
 
গাড়ি পোড়ানো অভিযোগে বরিশাল সদর মডেল ও কাউনিয়া থানায় সরোয়ারের বিরুদ্ধে দুটি, মতিঝিলসহ নগরীর বিভিন্ন থানায় পাপিয়ার বিরুদ্ধে আটটি এবং গাজীপুরের জয়দেবপুর থানায় নজরুলের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় হাইকোর্টে আত্মসমর্পণ করে তারা জামিন চান। শুনানি শেষে হাইকোর্ট বিএনপি নেতাদের চার সপ্তাহের জামিন মঞ্জুর করে।