পরিবেশ দূষণ: আরসি কোলা কারখানা বন্ধের নির্দেশ

আপডেট : ২০ মে ২০১৫, ২০:৩১
 
গাজীপুর মহানগরীর বাহাদুরপুর এলাকায় অবস্থিত পারটেক্স গ্রুপের কোমল পানীয় আরসি কোলা কারখানার উত্পাদন বন্ধ করে দেয়া হয়েছে। ওই কারখানার বর্জ্যে এলাকার পরিবেশ দূষণের দায়ে এ ব্যবস্থা নেয়া হয়েছে।
 
পরিবেশ দূষণের বিষয়টি তদন্তের জন্য গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনকে প্রধান করে একটি তদন্ত গঠন করা হয়েছে।
 
জেলা প্রশাসন সূত্র জানায়, কোমল পানীয় আরসি কোলার কারখানার বর্জ্যে বাহাদুরপুরসহ আশপাশের প্রায় ৫ কিলোমিটার এলাকার কৃষি জমিসহ জীব বৈচিত্র্যের পরিবেশ দূষণ ও মানবিক বিপর্যয় সৃষ্টি হচ্ছে। স্থানীয় অধিবাসীদের কাছ থেকে এমন অভিযোগ পাবার পর বুধবার দুপুরে গাজীপুরের জেলা প্রশাসক মো. নূরুল ইসলাম সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শনে যান। এসময় পরিবেশ দূষণের সত্যতা পাওয়ায় জেলা প্রশাসক পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত কারখানার উৎপাদন বন্ধ রাখার নির্দেশ প্রদান করেন।
 
পরিবেশ দূষণের বিষয়টি তদন্ত করার জন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেনের নেতৃত্বে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি আগামী ৫ কার্যদিবসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দেবে।
 
পরিদর্শনকালে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হোসেন, জেলা ভূমি হুকুম দখল কর্মকর্তা সাজিদ আনোয়ার, পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক সোনিয়া সুলতানাসহ উর্দ্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।