কক্সবাজারের চকরিয়ায় পুলিশের সঙ্গে জলদস্যুদলের ঘণ্টাব্যাপী বন্দুকযুদ্ধ হয়েছে। এ সময় পুলিশ শহিদুল ইসলাম (৩২) নামে এক জলদস্যুকে গ্রেফতার করে। ঘটনাস্থল থেকে দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক, একটি এলজি উদ্ধার করা হয়েছে।
বুধবার বিকেলে বন্দুকযুদ্ধের এ ঘটনায় কক্সবাজার জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান আবুল হোসেন ও এসআই ইমন কান্তি চৌধুরীসহ পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। তাদেরকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ওসি দেওয়ান আবুল হোসেন জানান, পুলিশের একটি দল উপজেলার রামপুর এলাকার চিংড়ি জোনে অভিযান চালায়। এ সময় জলদস্যুরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদেরকে লক্ষ্য করে দফায় দফায় গুলি ছুড়তে থাকে। পুলিশও আত্মরক্ষার্থে ১২ রাউন্ড গুলি ছুড়ে। এ সময় উভয়পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী প্রায় ৫২ রাউন্ড গুলি বিনিময় হয়। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। অস্ত্র আইনে একটি ও পুলিশের ওপর হামলার অভিযোগে অপরটি।
