মানিলন্ডারিং বন্ধে হিসাবরক্ষকরা বড় ভূমিকা রাখতে পারে :গভর্নর

আপডেট : ২১ মে ২০১৫, ০২:২২

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধের ক্ষেত্রে বাংলাদেশের আইনগত কাঠামো এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। তবে আইনগত কাঠামোর উন্নয়ন হলেই তা কার্যকর মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ ব্যবস্থা নিশ্চিত করে না। বরং আইনের যথাযথ প্রয়োগ দরকার। আইনের বাস্তবায়ন নিশ্চিত করার ক্ষেত্রে রিপোর্টিং এজেন্সিগুলোর মধ্যে অ্যাকাউন্ট্যান্টদের ভূমিকা অনস্বীকার্য। কারণ তাদেরকে যে কোন আর্থিক সিস্টেমের গেইটকিপার হিসেবে বিবেচনা করা হয়।

 

গতকাল বুধবার সন্ধ্যায় ইন্সটিটিউ অব চার্টার্ড একাউন্ট্যাটস অব বাংলাদেশের (আইসিএবি) উদ্যোগে আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এন্টি মানিলন্ডারিং নিয়ে এ সেমিনারের আয়োজন করা হয়। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ব্রিগে. জেনারেল (অব.) এম এইচ সালাহউদ্দিন।