চান্দিনায় সড়ক দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

আপডেট : ২১ মে ২০১৫, ১১:৪৭


কুমিল্ল­ার চান্দিনায় কাভার্ডভ্যান ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে জসিম আহমেদ (৪৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো তিনজন। বৃহস্পতিবার সকাল পৌনে ৬টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলা গেইট এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত জসিম আহমেদ বুড়িচং উপজেলার ষোলনল ইউনিয়নের ভরাসার গ্রামের কাজী খলিলুর রহমান এর ছেলে।
 
আহতদের মধ্যে একই উপজেলার ইছাপুর গ্রামের ফয়েজ আহমেদের পরিচয় পাওয়া গেলেও তাৎক্ষণিকভাবে অন্য দুইজনের পরিচয় পাওয়া যায়নি।

হাইওয়ে পুলিশ ময়নামতি ক্রসিং ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাজিম উদ্দিন জানান,  ঢাকাগামী প্রাইভেটকারটি চান্দিনা উপজেলা গেইট সংলগ্ন রোড ডাইভার্ট ক্রসিং এলাকায় চট্টগ্রামগামী কাভার্ডভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে গাড়ির মালিক ও চালক জসিম উদ্দিন ঘটনাস্থলে নিহত হন। গুরুতর আহত অবস্থায় প্রাইভেটকারের তিন আরোহীকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, আহতের অবস্থাও আশঙ্কাজনক।