চার ঘণ্টা পর চট্টগ্রামের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। বৃহস্পতিবার ভোর পৌনে চারটায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল (ওয়ান আপ) ট্রেন ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লাইনচ্যুত হলে রেল চলাচল বন্ধ হয়ে যায়। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। তবে রেলপথের দুইটি পয়েন্টের ক্ষতি হয়েছে।
ট্রেন যাত্রীরা জানান, আখাউড়া রেলওয়ে জংশনে ঢোকার পথে প্রচন্ড ঝাঁকুনি খেয়ে ও বিকট শব্দ করে ট্রেনটি হঠাত্ থেমে যায়। এসময় ট্রেনে থাকা যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
দুর্ঘটনার কারণে ঢাকাগামী তূর্ণানিশিথা কসবার ইমামবাড়ি স্টেশন, চট্টগ্রামগামী তূর্ণানিশিথা ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম মেইল (টু ডাউন) আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে। উদ্ধার কাজ শেষে প্রায় সাড়ে চার ঘণ্টা পর সকাল ৮টা ৫ মিনিটে ট্রেন চলাচল শুরু হয়।
আখাউড়া রেলওয়ে জংশনের সহকারি নির্বাহী প্রকৌশলী (এইএন) কাজী মোস্তাফিজুর রহমান জানান, ট্রেনের বগির চাকা লাইনচ্যুত হওয়া কিছুক্ষণের মধ্যেই উদ্ধার কাজ শুরু করা হয়। তবে কি কারণে এ দুর্ঘটনা ঘটেছে তা বলা যাচ্ছে না।
