যুক্তরাষ্ট্রের ‘শেষ দেখতে চেয়েছিলেন’ লাদেন

আপডেট : ২১ মে ২০১৫, ১৫:৫৬
 
আল কায়েদা প্রধান ওসামা বিন লাদেন তার চূড়ান্ত বছরগুলোতে অনুসারীদের যুক্তরাষ্ট্রের ওপর হামলা চালিয়ে যেতে বলেছিলেন। সম্প্রতি প্রকাশিত কিছু নথিপত্রে এই তথ্য পাওয়া গেছে।
 
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে লাদেনের গোপন আস্তানায় এই নথি পাওয়া যায়।
 
২০১১ সালে পাকিস্তানের অ্যাবোটাবাদের যুক্তরাষ্ট্রের অভিযানে নিহত হন লাদেন। অভিযানের সময় সেখান থেকে লাদেনের লেখা আরবি ভাষার নির্দেশনা, চিঠিসহ ১০৩টি নথি এবং কিছু ভিডিও ফুটেজ পাওয়া যায়। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা অধিদপ্তরের পরিচালকের কার্যালয় (ওডিএনআই) সম্প্রতি এসব নথি প্রকাশ করেছে।  
 
একটি চিঠিতে বিন লাদেন তার ডেপুটিদের ‘আমাদের ভাই’ সম্বোধন করে তাদের যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে দৃষ্টি নিবদ্ধ রাখতে নির্দেশনা দেন।
 
ফ্রান্সের সামরিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির ওপর কিছু প্রতিবেদনও পাওয়া গেছে। এছাড়া আত্মঘাতী হামলা মোকাবেলার গাইড, বব উডওয়ার্ডের বই ‘ওবামাস ওয়ার্স’-সহ আরো কিছু ইংরেজি বই, কিছু মানচিত্র এবং ভিডিও গেমের গাইডও পাওয়া গেছে। সূত্র: বিবিসি।