বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ এমপি বলেছেন, পত্রিকায় দেখলাম বিএনপিকে পুনর্গঠিত করা হবে। এ কারণে নাকি জেলা কমিটিগুলো ভেঙ্গে নতুন করে কমিটি দেয়া হবে। বিএনপির উদ্দেশে আমি বলবো আপনারা আপনাদের জেলা কমিটির আগে আপনাদের কেন্দ্রীয় কমিটি ভেঙ্গে দিন। কারণ বিএনপির এই শোচনীয় অবস্থার জন্য বিএনপির কেন্দ্রীয় কমিটির নেতারা এবং দলের চেয়ারপার্সন বেগম জিয়া দায়ী। তাই বিএনপি পুনর্গঠনের আগে বেগম জিয়াকে বিএনপি থেকে সরান আর সাত সমুদ্রের ওপারে লন্ডনে যিনি বসে আছেন তার থেকে বিএনপিকে মুক্ত করেন।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ স্বাধীনতা পরিষদ আয়োজিত এক আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে সাবেকমন্ত্রী হাছান মাহমুদ এ মন্তব্য করেন।
হাছান মাহমুদ বলেন, পত্রিকায় দেখলাম নরেন্দ্র মোদীর আসন্ন বাংলাদেশ সফরকে বিএনপি অভিনন্দন জানিয়েছে। তাদের (বিএনপি) এই সফর আসলে গরু মেরে জুতা দানের মতো। কারণ গতবার যেদিন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জী বাংলাদেশে এসেছিলেন সেদিন বিএনপি হরতাল ডেকেছিল এবং তার সাথে সাক্ষাৎকারের অনুমতি নিয়েও পরবর্তীতে দেখা করতে যায়নি বিএনপি।
আন্তর্জাতিক সম্প্রদায় বিএনপিকে আর বিশ্বাস করে না উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, যারা মার্কিন কংগ্রেসম্যানদের স্বাক্ষর নকল করে নিজেদের বিবৃতি তাদের নামে ছাপিয়ে দেয় আন্তর্জাতিক সম্প্রদায় তাদের আর বিশ্বাস করে না।
হাছান মাহমুদ শেখ হাসিনাকে গনতন্ত্র, উন্নয়ন ও প্রগতির নেত্রী
বলেন। অপরপক্ষে খালেদা জিয়াকে জঙ্গিবাদ,গণতন্ত্র হত্যাকারী ও ধ্বংসের নেত্রী হিসেবে আখ্যায়িত করেন।
তিনি আরো বলেন, যে বাংলাদেশকে এক সময় তলাবিহীন ঝুড়ি বলা হতো সে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশ শুধুমাত্র এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ দেশই নয় বরং এখন খাদ্য রপ্তানিকারক দেশও বটে।
