সরকার চিনি শিল্প রক্ষায় অঙ্গীকারাবদ্ধ : শিল্পমন্ত্রী

আপডেট : ২১ মে ২০১৫, ১৮:৫৫
 
 
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বর্তমান সরকার চিনি শিল্প রক্ষায় দৃঢ় অঙ্গীকারাবদ্ধ। এই সেক্টরে বিপুলসংখ্যক কৃষক এবং শ্রমিক-কর্মচারীর স্বার্থ জড়িত রয়েছে।
 
শিল্পমন্ত্রী বলেন, দেশের চিলিকল শুধুমাত্র চিনি উৎপাদনের ওপর নির্ভরশীল হয়ে টিকে থাকতে পারে না। সরকার চিনিকল লাভজনক করতে বিদ্যুৎ উৎপাদন এবং ডিস্টিলারির মতো বহুমুখী আনতে কাজ করে যাচ্ছে।
বৃহস্পতিবার এখানে রাজশাহী চিনিকল চত্বরে চিনিকল কর্মচারী, শ্রমিক এবং আখ চাষীদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
 
সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি এবং খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ কে এম দেলোয়ার হোসেন। 
 
 চিনিকল আখ চাষী ফেডারেশনের উদ্যোগে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ১৫টি চিনিকলের শ্রমিক কর্মচারী এবং আখ চাষীরা যোগ দেন।
 
সমাবেশে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আয়ের উদ্দিন , আখতার জাহান এমপি এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপিকা জিনাতুন নেসা তালুকদার বক্তব্য রাখেন।
 
মন্ত্রী রাষ্ট্র মালিকানাধীন চিনিকল লাভজনক করতে বাস্তবমুখী পদক্ষেপ নেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
 
মন্ত্রী কর্মপরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে চিনিকলগুলোর বাস্তব অবস্থার আলোকে পূর্ববর্তী অভিজ্ঞতা কাজে লাগানো পরামর্শ দেন।
 
আমির হোসেন বলেন, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্পকে লাভজনক করতে ১৯৯৬ থেকে ২০০১ সাল পর্যন্ত বিভিন্ন নীতি ও কর্মসূচি বিবেচনা করতে নতুন পদক্ষেপ নেয়া হয়েছে।
 
 তিনি বলেন, ২০০১ সালের পর থেকে চিনিকলগুলোর লোকসানি হওয়ার কারণসমূহ চিহ্নিত করতে হবে।
 
প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম দেশের চিনিকলগুলোকে লাভজনক করতে বিদেশ থেকে আমদানি করা চিনির ওপর আরো কর আরোপের আহবান জানান।