অসৌজন্যমূলক আচরণের অভিযোগ এনে অনির্দিষ্টকালের জন্যে নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা।
বৃহস্পতিবার দুপুরে নওগাঁ জেলা অ্যাডভোকেট বার অ্যাসোসিয়েশনের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। এ ছাড়া বৈঠকে নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এসএম নাছিস রেজাকে প্রত্যহার না করা পর্যন্ত বিজ্ঞ আদালত বর্জন অব্যাহত রাখবে বলেও সিদ্ধান্ত নেয়া হয়েছে।
অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অ্যাড. সাইদুর রহমান জানান, নওগাঁ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে এসএম নাছিস রেজা যোগদানের পর থেকে বিভিন্ন ভাবে আইনজীবীদের হয়রানি করে আসছেন।
বিভিন্ন সময় আইনজীবীদের সাথে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সাথে সমঝোতা করার উদ্যোগ নেয়া হয়। কিন্তু সমাধান করা সম্ভব হয়নি। এই অবস্থায় গত বুধবার একটি চেক ডিজঅনার মামলায় সমনের আদেশ না দিয়েই রিট বহির্ভূত ভাবে তদন্তে নির্দেশ দেন। এই অনাকাঙ্খিত ঘটনায় আইনজীবীরা বিজ্ঞ বিচারককে বোঝানোর জন্য অনুরোধের পরও তিনি আইনজীবীদের কোন কথার পাত্তা দেন নাই।
এ ঘটনায় সব আইনজীবীদের অভিযোগের ভিত্তিতে অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাড. জয়নাল আবেদিন মিন্টু বৃহস্পতিবার দুপুরে এক জরুরি সভার আহ্বান করেন। সভায় বিষয়গুলো নিয়ে আইনজীবীরা আলোচনা শেষে অসৌজন্যমূলক আচরণ করার অভিযোগে অনির্দিষ্টকালের জন্য নওগাঁ চিপ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত বর্জনের ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও আদালতে বিচারক এসএম নাছিস রেজাকে প্রত্যহার না করা পর্যন্ত বিজ্ঞ আদালত বর্জন অব্যাহত থাকবে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।
জেলা প্রশাসক এনামুল হক ইত্তেফাককে জানান, বিষয়টি তার জানা নাই। তবে এ ব্যাপারে তাকে (জেলা প্রশাসক) জানালে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
