মোদী-হাসিনার প্রতি আহ্বান

রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের ঘোষণা দিন

আপডেট : ২২ মে ২০১৫, ০২:২৫

ভারতের প্রধানমন্ত্রীর আসন্ন বাংলাদেশ সফরের সময় রামপাল বিদ্যুত্ প্রকল্প বাতিল ও সুন্দরবন রক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের ঘোষণা দেয়ার জন্য ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুত্-বন্দর রক্ষা জাতীয় কমিটি। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক সমাবেশে এ আহ্বান জানানো হয়।

 
রামপাল বিদ্যুত্ প্রকল্প বন্ধ, বিদেশিদের হাতে তেল-গ্যাস সম্পদ তুলে দেয়ার চক্রান্ত বন্ধ এবং খনিজ সম্পদ রফতানি নিষিদ্ধ করাসহ জাতীয় কমিটির ৭ দফা বাস্তবায়নের দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়। জাতীয় কমিটির আহ্বায়ক প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ, প্রকৌশলী ম ইনামুল হক, প্রকৌশলী কল্লোল মোস্তফা, রুহিন হোসেন প্রিন্স, সাইফুল হক প্রমুখ।
 
প্রকৌশলী শেখ মুহাম্মদ শহীদুল্লাহ সুন্দরবন ধ্বংসের অপতত্পরতার নিন্দা জানিয়ে বলেন, দেশের জনগণই সুন্দরবন ও জাতীয় সম্পদ রক্ষা করবে। এজন্য আমরা অতীতের মতো আগামী দিনেও জনগণকে সাথে নিয়ে ্আন্দোলন গড়ে তুলব।
 
অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের সর্বস্তরের মানুষের মতামতকে উপেক্ষা করে সরকার সুন্দরবন ধ্বংসের বিদ্যুত্ প্রকল্প এগিয়ে নিচ্ছে। এছাড়াও সুন্দরবন ধ্বংসে আরও বিদ্যুত্ প্রকল্প, শিপইয়ার্ড, সাইলো, সিমেন্ট কারখানা নির্মাণ করা হচ্ছে। ভারতীয় আইনেও সুন্দরবনের এত কাছে কোনো বিদ্যুত্ প্রকল্পের অনুমতি পাওয়া অসম্ভব ছিল।
 

সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল তোপখানা রোড ঘুরে পুরানা পল্টন মোড়ে শেষ হয়।