রেকর্ড বাজেটের ছবি সিনেপ্লেক্সে

আপডেট : ২২ মে ২০১৫, ০২:৩১
গত দু’বছর ধরেই হলিউডের সাথে একই সময়ে বাংলাদেশে ছবি মুক্তি শুরু হয়েছে। গত ১৫ মে যুক্তরাষ্ট্রে মুক্তি পায় ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ ছবি। প্রথম সপ্তাহেই শত মিলিয়ন ডলার আয়ের মাইলফলক ছাড়িয়ে যায় ছবিটি। প্রশংসিত এ ছবি এবার দেখতে পাবে ঢাকার দর্শকরা। আগামী শুক্রবার রাজধানীর স্টার সিনেপ্লেক্স প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ছবিটি।
 
এ ছবির মাধ্যমে ৩০ বছর পর সাড়া জাগানো চরিত্র ম্যাক্স রূপালি পর্দায় ফিরলো। এবার এ ভূমিকায় আছেন টম হার্ডি। ‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’র মাধ্যমে অ্যাকশন ও কল্পবিজ্ঞানধর্মী ছবির আঙিনায় বহুদিন পর ফিরলেন পরিচালক জর্জ মিলার। ১৯৭৯ সালে অমানবিক ও অপ্রীতিকর সমাজ সাজিয়ে তিনি নির্মাণ করেছিলেন ‘ম্যাড ম্যাক্স’।
 
অস্ট্রেলিয়ার সর্বোচ্চ আয়ের এই ছবি এক দশকে সবচেয়ে লাভজনক চলচ্চিত্র হিসেবে গিনেস রেকর্ড ধরে রেখেছে। এই সাফল্যের সুবাদে ‘ম্যাড ম্যাক্স টু’ (১৯৮১) এবং ‘ম্যাড ম্যাক্স বিয়ন্ড থান্ডারডোম’ (১৯৮৫) ছবি দুটি নির্মাণ করেন জর্জ মিলার। তিনটি ছবিতেই ম্যাক্সের ভূমিকায় অভিনয় করেছেন মেল গিবসন।