চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় কামাল উদ্দিন নামে এক যুবলীগকর্মী খুন হয়েছেন। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় জড়িত সন্দেহে জামায়াতের এক নেতাসহ দুই জনকে আটক করেছে পুলিশ।
লোহাগাড়া থানার ওসি মো. শাহজাহান জানান, রাত সাড়ে নয়টার দিকে চরম্বা ইউনিয়নের নাছির মোহাম্মদ পাড়া এলাকায় একদল মুখোশধারী কামালের ওপর হামলা চালায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। নিহত কামাল উদ্দিন (২২) চরম্বা ইউনিয়ন যুবলীগের কর্মী ছিলেন বলে জানান ওসি।
আটককৃতরা হলেন- ইউনিয়ন জামায়াতের আমির শামসুজ্জামান হেলালী ও দলটির কর্মী মো. আবসার। ওসি বলেন, আটক দুজনকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
