সিরাজগঞ্জে দুইপক্ষের সংঘর্ষে নিহত ১

আপডেট : ২২ মে ২০১৫, ১৫:৪৫

 

সদর উপজেলার বাহুকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১০জন আহত হয়েছেন। শুক্রবার সকালে এই ঘটনা ঘটে। নিহত এজবাহার আলী (৬০) একই এলাকায় পূর্ব বাহুকার বাসিন্দা।
 

এলাকাবাসী জানান, সকালে এজবাহার ও তার তিন ছেলেসহ বাড়ির কাছে নিজের জমিতে ধান কাটতে যায়। এসময় পশ্চিম বাহুকার শফিকুল, কাউসার হাকিম, বেলালসহ ২০/২৫ জনের একটি দল তাদের ওপর হামলা চালায়। এসময় এজবাহারকে দেশীয় অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনায় আহত এজবাহারের ছেলে রাশিদুল, রেজাউল ও মমিনকে চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 

সদর থানার ওসি হাবিবুল ইসলাম জানান, বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।