ব্লগারদের হত্যা: ১৫০ লেখকের নিন্দা

আপডেট : ২২ মে ২০১৫, ১৮:০৮
বাংলাদেশে এ বছর তিন ব্লগারকে হত্যার ঘটনায় নিন্দা জানিয়ে দ্য গার্ডিয়ান পত্রিকার একটি খোলাচিঠিতে সালমান রুশদি ও মার্গারেট অ্যাটউডসহ বিশ্বের ১৫০ জনের বেশি লেখক স্বাক্ষর করেছেন । এসব হত্যাকাণ্ডের মতো আর কোনো ঘটনার যেন পুনরাবৃত্তি না হয় সে বিষয়ে ব্যবস্থা নিতে এসব লেখক সরকারের প্রতি আহ্বান জানিয়ে দোষী ব্যক্তিদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার অনুরোধ জানান। খবর গার্ডিয়ানের।
 
শুক্রবার পত্রিকাটির এক প্রতিবেদনে বলা হয়, সিলেটে মুক্তমনা নামের একটি ব্লগের প্রদায়ক অনন্ত বিজয় দাস জনাকীর্ণ সড়কে গত সপ্তাহে খুন হন।  নিজের কর্মস্থলে যাওয়ার পথে মুখোশধারী চার হামলাকারী তাকে ধাওয়া করে এবং চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে। অনন্ত বিজ্ঞান ও বিবর্তন বিষয়ে লেখা পোস্ট করতেন। সেখানে অনন্তের ইসলাম ও হিন্দুত্ববাদকে সমালোচনা করেও কিছু লেখা ছিল। ২০০২ সালে মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠা করেন অভিজিৎ। IMG0
 
গত ফেব্রুয়ারিতে অভিজিৎ ও তার স্ত্রী রাফিদা আহমেদ বন্যা হামলার শিকার হন। ওই হামলায় অভিজিৎ নিহত হন। পরের মাসেই আরেক ব্লগার ওয়াশিকুর রহমানকে হত্যা করা হয়।
এসব আক্রমণের ঘটনায় কেউ গ্রেফতার না হলে আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ানের চিঠিতে লেখকেরা শোক ও উদ্বেগ জানিয়ে সাক্ষর করেন।
 
মত প্রকাশের স্বাধীনতা বাংলাদেশের অন্যতম মৌলিক অধিকার ও মানবাধিকার বলে উল্লেখ করে এই লেখকেরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অনন্ত, ওয়াশিকুর ও অভিজিৎ হত্যার ঘটনায় জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।