জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী: ১৫ দিনের কর্মসূচি

আপডেট : ২২ মে ২০১৫, ১৯:০০
 
সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী (৩০ মে) উপলক্ষে পনের দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
 
রাজধানীসহ সারাদেশে ২৭ মে থেকে ১০ জুন পর্যন্ত এ কর্মসূচি পালিত হবে। তিনি জানান, জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে ২৭ মে আলোচনা সভা করবে মহিলা দল। এরপর ২৮ মে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিউটশনে কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে।
 
ওই দিন দেশের সব মহানগর, জেলা ও উপজেলা পর্যায়েও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হবে। পরদিন ২৯ মে-ও থাকছে দেশব্যাপী আলোচনা সভা।
 
৩০ মে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীর দিন তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পর মাজার প্রাঙ্গণে পবিত্র কোরআনখানি, মিলাদ মাহফিলের আয়োজন করা হবে।
 
এরপর শহীদ এ রাষ্ট্রপতির রুহের  মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হবে। এদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সবগুলো কার্যালয়ে বিএনপির দলীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। পাশাপাশি উত্তোলন করা হবে কালো পতাকা।
 
এছাড়া, নেতাকর্মীরা ধারণ করবেন কালো ব্যাজ। ৩০ মে থেকে ১ জুন পর্যন্ত তিন দিন দেশব্যাপী গরিব-দুস্থদের মাঝে খাবার বিতরণ করবে বিএনপি। রাজধানীতে এ কর্মসূচি পালন করবে ঢাকা মহানগর বিএনপি।
 
৩০ মে ঢাকা মহানগর দক্ষিণে এবং ৩১ মে ঢাকা মহানগর উত্তরে দুস্থদের মাঝে খাবার বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন বিএপির চেয়ারপারসন খালেদা জিয়া। ১০ জুন পর্যন্ত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করা হবে।
 
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলটির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আযম খান, যুগ্ম-মহাসচিব মোহাম্মদ শাহজাহান, মহিলা দল সভাপতি নূরী আরা সাফা, বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি আবদুল মালেক, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন প্রমুখ।