নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, যারা বাসে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারে বাংলার মাটিতে তাদের বিচার হবেই।
শুক্রবার বিকালে জয়পুরহাটে জেলা পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদ সম্মিলিত শ্রমিক ফেডারেশনের যৌথ উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে যুদ্ধাপরাধীদের সাথে নিয়ে অবরোধের নামে ধ্বংসাত্মক কর্মসূচি দেয় বিএনপি-জামায়াত জোট। এ কারণেই সাধারণ মানুষ তাদের প্রত্যাখ্যান করেছে।
সিটি নির্বাচনের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, হেরে গিয়ে এখন তারা নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।
এ সভায় বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি, এ্যাডভোকেট সামছুল আলম দুদু এমপি, জেলা পরিষদের প্রশাসক এস এম সোলাইমান আলী, জয়পুরহাট জেলা বাস-মিনিবাস মালিক গ্রুপের সভাপতি শামিমুল হোদা চৌধুরী পতন। প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী।
