স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বিশ্বের জনস্বাস্থ্য সমস্যায় অটিজম ও মানসিক স্বাস্থ্য ব্যবস্থাপনাকে প্রাধান্য দিয়ে কর্মপরিকল্পনা গ্রহণে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহবান জানিয়েছেন।
তিনি বলেন, অটিজম মোকাবেলায় বিনিয়োগ বাড়ালে সমাজ অধিক লাভবান হবে। অটিজমের জটিলতা এবং সার্বিক প্রভাব ব্যাপক। এটা ব্যক্তির শারীরিক, মানসিক স্বাস্থ্য, সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটেও নেতিবাচক প্রভাব ফেলে।
শুক্রবার সুইজারল্যান্ডের জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার ৬৮তম সম্মেলনে ‘অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস-ফ্রম রেজুলেশন টু গ্লোবাল অ্যাকশন’ শীর্ষক পার্শ্ব সভায় স্বাগত বক্তব্যে তিনি একথা বলেন।
সম্মেলনে অংশগ্রহণকারী বাংলাদেশ, ভারত, ইটালী, জাপান, মালয়েশিয়া, দক্ষিণ কোরিয়া, রোমানিয়া, থাইল্যান্ড ও ভূটানের স্বাস্থ্যমন্ত্রীরা এই সভায় বক্তব্য রাখেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিষয়ক টেকনিক্যাল অ্যাডভাইজারি গ্রুপের সদস্য সায়মা ওয়াজেদ হোসেন এই অনুষ্ঠানে বিশেষ প্রবন্ধ পাঠ করে অটিজম নিয়ে বিশ্বব্যাপী এবং বাংলাদেশে গৃহীত বিভিন্ন উদ্যোগ ও পরবর্তী করণীয় তুলে ধরেন। ভারতের স্বাস্থ্যমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা এতে সভাপতিত্ব করেন।
স্বাস্থ্যমন্ত্রী এসময় গত বছরের ৬৭তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাংলাদেশের উত্থাপিত ‘কমপ্রিহেনসিভ অ্যান্ড কোঅর্ডিনেটেড এফর্টস ফর দ্যা ম্যানেজমেন্ট অব অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারস’ শীর্ষক প্রস্তাবনা সর্বসম্মতিক্রমে পাস হওয়ায় সংস্থার সকল সদস্য রাষ্ট্রকে অভিনন্দন ও ধন্যবাদ জানান। খবর বাসস।
