চলতি লা লিগার শেষ রাউন্ডের খেলা মাঠে গড়াচ্ছে আজ। এদিন শিরোপা নিশ্চিত করে ফেলা বার্সেলোনা মুখোমুখি হবে রেলিগেশনের শঙ্কায় থাকা দেপোর্তিভো লা করুনার সঙ্গে। এটাই হবে বার্সা তারকা জাভি হার্নান্দেজের লা লিগায় শেষ ম্যাচ। কেননা মৌসুম শেষেই বাল্যকালের ক্লাবটি ছেড়ে কাতারের আল সাদে চলে যাবেন বলে ঘোষণা দিয়েছেন তিনি।
শেষ রাউন্ডে মাঠে নামছে বার্সার চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদও। নিজেদের মাঠ সান্তিয়াগো বার্নাব্যুতে তারা মুখোমুখি হবে অতিথি গেটাফের সঙ্গে। স্প্যানিশ কোপা দেল রে এবং চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে পড়ায় এটা চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদের জন্য শেষ খেলা। আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার লক্ষ্য নিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদ শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক গ্রানাডার সঙ্গে।
বার্সা দুই ম্যাচ হাতে রেখেই লা লিগার শিরোপা নিশ্চিত করে ফেলায় শেষ রাউন্ডের খেলা উপরের সারির দলগুলোর জন্য অনেকটা আনুষ্ঠানিকতায় পরিণত হয়েছে। যদিও এই রাউন্ড বিশেষ তাত্পর্য বহন করছে তলানির দলগুলোর জন্য। এটাই রেলিগেশন এড়ানোর জন্য আলমেরিয়া, দেপোর্তিভো, এইবার এবং গ্রানাডার জন্য শেষ সুযোগ।
বার্সার মাঠ ক্যাম্প ন্যুতে কঠিন পরীক্ষা দিতে হবে দেপোর্তিভোকে। রেলিগেশন এড়ানোর লক্ষ্যে স্বাগতিক কাতালানদের হারাতে চাইবে তারা। অন্যথায় দেপোর্তিভোকে টপকে রেলিগেশন থেকে উঠে আসতে পারে এইবার এবং আলমেরিয়া। এদিন এইবার মুখোমুখি হবে কর্ডোবার সঙ্গে এবং আলমেরিয়া খেলবে ভ্যালেন্সিয়ার সঙ্গে। নৈপুণ্যে থাকা প্রতিপক্ষ বার্সার ব্যাপারে দেপোর্তিভো স্ট্রাইকার অরিওল রিয়েরা বলেন, ‘ক্যাম্প ন্যুতে কিছু পাওয়া কঠিন কাজ। আমরা বিশ্বের সেরা দলের মুখোমুখি হতে যাচ্ছি। তবে আমরা যে ম্যাচটি আমাদের বেঁচে থাকার জন্য খেলতে যাচ্ছি—এটা দেখানো প্রয়োজন। আর কোনো খেলা নেই। এই একটি ম্যাচই ঠিক করবে আগামী মৌসুমে আমরা লিগে খেলবো কি-না।’
বার্সা আগেই শিরোপা নিশ্চিত করে ফেললেও উদযাপনটা এখনো হয়নি। দেপোর্তিভোর সঙ্গে খেলা শেষেই ২৩তম লিগ শিরোপাটা তুলে ধরবে তারা। এর মধ্য দিয়ে সম্মান জানানো হবে ক্লাবটিতে দীর্ঘ ১৭ বছরের ক্যারিয়ার ইতি টানতে যাওয়া জাভিকে।
গত আসরের লা লিগা চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে গ্রানাডার বিপক্ষে ম্যাচটি গুরুত্ব দিয়ে খেলতে হবে। কেননা আগামী মৌসুমে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলতে হলে কোচ দিয়েগো সিমিওনির দলকে আজকের খেলা থেকে কমপক্ষে একটি পয়েন্ট পেতে হবে। অন্যথায় আলমেরিয়ার বিপক্ষে জয় নিয়ে অ্যাটলেটিকোকে টপকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগ খেলার টিকিট নিশ্চিত করে ফেলতে পারে ভ্যালেন্সিয়া।
রিয়াল মাদ্রিদ-গেটাফে ম্যাচে কোনো গুরুত্ব বহন করছে না। কেননা ৩৭ খেলা থেকে ৮৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলেও আগেই শিরোপা হাতছাড়া হয়ে গেছে তাদের। তবে ম্যাচটি রিয়ালের হয়ে কোচ কার্লো অ্যানচেলত্তির শেষ খেলা হতে পারে। কেননা জোর গুঞ্জন— মৌসুম শেষেই ইতালিয়ান এ কোচটিকে বিদায় জানাতে পারে মাদ্রিদের এ ক্লাবটি। চলতি মৌসুম তিন বড় শিরোপার একটিও না জেতাতে পারায় ব্যর্থতার দায় নিতে হচ্ছে কোচ অ্যানচেলত্তি। মৌসুমের শেষ রাউন্ডের আগে শীর্ষে থাকা বার্সার পয়েন্ট ৩৭ খেলা থেকে ৯৩। সমপরিমাণ ম্যাচ খেলে ৮৯ এবং ৭৭ পয়েন্ট নিয়ে যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয়স্থানে আছে রিয়াল এবং অ্যাটলেটিকো। —সুপার স্পোর্টস