‘আমি খুব শিগগিরই কাজে ফিরবো। তবে নতুন করেই যেহেতু কাজ শুরু করছি, তাই বেছে বেছে কাজ করবো। ইচ্ছে আছে প্রযোজনা করার। তবে সেটাও অবস্থা বুঝে। জীবনের একটা বিরতির সময় আসে। আসলে এত অল্প সময়ে আমি দর্শকদের এত ভালোবাসা পেয়েছি তা থেকে হুট করে চুপ হয়ে যাওয়াটা ধাক্কা লাগার মতোই। তবে আমি আমার ব্যক্তিজীবনে দারুণ হ্যাপি রয়েছি, এটাই বড় কথা। এমনকি স্বামী সংসার নিয়ে খুব ভালো আছি। আমি বউ হিসেবে কেমন জানি না। তবে মা হিসেবে অনেক ভালো মা।’ নিজের সংসারজীবন নিয়ে এভাবেই ব্যাখ্যা দেন এক সময়কার জনপ্রিয় অভিনেত্রী সারিকা।
সম্প্রতি মা হবার পর নিজের সাংসারিক ব্যস্ততায় আবারও শোবিজ ক্যারিয়ারে ফিরবেন কি-না জানতে চাইলে সারিকা ইতিবাচকভাবেই বলেন, ‘খুব শিগগিরই আমার পুরোনো ছন্দে ফিরবো। এদিকে আলাদা প্রডাকশন হাউজ খোলার প্রস্তুতিও চলছে।’ তবে চলচ্চিত্রে অভিনয়ের ইচ্ছে আছে কি-না সেই প্রশ্নে শুধু বলেন ‘এটা সময় ও পরিস্থিতিই বলে দেবে।’
