জার্মানিকে হারিয়ে ইউরোপিয়ান অনুর্ধ্ব-১৭ ফুটবলের শিরোপা ফ্রান্সের

আপডেট : ২৩ মে ২০১৫, ১৫:২৪
 
ওদোসেন এডুয়ার্ডোর দুর্দান্ত হ্যাটট্রিকে শক্তিশালী জার্মানিকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে দ্বিতীয়বারের মতো ইউরোপিয়ান অনুর্ধ্ব-১৭ শিরোপা জয় করেছে ফ্রান্স। শুক্রবার বুলগেরিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর বুরগাসে এই আকর্ষণীয় ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
 
এর আগে ২০০৪ সালে প্রথম এই শিরোপা জিতেছিল ফ্রান্স। বিরতির ঠিক আগে গোলরক্ষক কোন্সটানটিন ফ্রোমানকে বোকা বানিয়ে ১২ মিটার দূর থেকে এডুয়ার্ডো নিজের প্রথম গোল করে ফ্রান্সকে এগিয়ে দেন। ১৬ দলের এই টুর্নামেন্টে এটি ছিল জার্মানদের বিপক্ষে প্রথম গোল। বিরতির সাত মিনিট পরে এডুয়ার্ডো ব্যবধান দ্বিগুণ করেন। ফ্রান্সের গোলরক্ষক হিসেবে কাল খেলেছেন সাবেক কিংবদন্তী জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ৭০ মিনিটে এডুয়ার্ডো তৃতীয় গোল করলে ফ্রান্সের জয় নিশ্চিত হয়। আট গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হয়েছেন এডুয়ার্ডো। এর আগে ৫০ মিনিটে এরডিঙ্ক কারাকাস শক্তিশালী হেডে জার্মানদের পক্ষে একটি গোল পরিশোধ করেন। ইনজুরি টাইমে জার্মান মিডফিল্ডার গোকান গুইয়ের আত্মঘাতি গোলে পরাজয়ের ব্যবধান বেড়েছে।
 

২০০৯ সালে বয়সভিত্তিক এই টুর্নামেন্টের শিরোপা জয় করা জামার্নি ২০১১ সালের পরে থেকে এই নিয়ে তিনটি ফাইনালে পরাজিত হলো। ২০১৬ সালের ইউরোপীয়ান অনুর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের পরবর্তী আসর আজারবাইজানে অনুষ্ঠিত হবে।