নওগাঁর মান্দা উপজেলার অনাথ সিমলা গ্রামে জমি নিয়ে বিরোধের জের ধরে মামলা করায় বাড়িতে ঢুকে ফেন্সি বিবি (২৫) নামে এক নারীকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। এ সময় ফেন্সির মা নুরুন্নাহার বেগম (৫৫) ও বোন মিলি খাতুনকে (১৭) মারপিট করে হাত-পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষ সন্ত্রাসীরা। এ সময় তারা বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট চালায়। ফেন্সি উপজেলার কালিকাপুর ইউনিয়নের অনাথ সিমলা গ্রামের মৃত সৈয়দ আলীর মেয়ে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হলে ফেন্সিকে মৃত ঘোষণা করে চিকিৎসক। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় দুইজনকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতাল (রামেক) স্থানান্তর করা হয়।
স্থানীয়রা জানায়, জমি সংক্রান্ত বিরোধে প্রায় দুই মাস আগে প্রতিপক্ষরা নুরুন্নাহারের মেয়ে মিলি খাতুনকে পিটিয়ে জখম করে। ওই ঘটনায় জামাল উদ্দিন, আব্দুস সামাদ, হবিবুর রহমানসহ পাঁচজনের বিরুদ্ধে থানায় মামলা করা হয়। আসামিরা মামলা তুলে নেয়ার জন্য হুমকি দেয়া অব্যাহত রাখলে নওগাঁ আদালতে ১০৭ ধারায় আরেকটি মামলা দায়ের করেন নুরুন্নাহার বেগম। এর জের ধরে আসামিরা সংঘবদ্ধ হয়ে শনিবার দুপূর দুইটার দিকে দেশীয় অস্ত্র নিয়ে নুরুন্নাহারের বাড়িতে হামলা চালিয়ে এসব ঘটনা ঘটায় সন্ত্রাসীরা।
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফেন্সির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
