পরিবহন ধর্মঘটে দুর্ভোগে খুলনার যাত্রীরা

আপডেট : ২৩ মে ২০১৫, ১৭:১২
সোহাগ পরিবহনের গ্রেফতারকৃত চালক ও হেলপারদের মুক্তি, পরিবহনে ডাকাতির ঘটনায় মামলা না নিয়ে হয়রানি এবং সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহারসহ তিন দফা দাবিতে চতুর্থ দিনের মত খুলনা বিভাগে পরিবহন ধর্মঘট চলছে। পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদের ডাকে গত মঙ্গলবার থেকে দক্ষিণাঞ্চলে ঢাকাগামী পরিবহনে ধর্মঘট শুরু হয়। এছাড়া গত শুক্রবার থেকে শুরু হয় আন্তঃ জেলা রুটগুলোতে। 
 
এদিকে, টানা চারদিন ধরে বাস চলাচল বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে খুলনার শত শত যাত্রী।
 
ধর্মঘটের কারণে নগরীর সোনাডাঙ্গা বাস টার্মিনাল, রয়্যালের মোড় ও শিববাড়ি বাস কাউন্টার থেকে ঢাকাগামী কোনো বাস ছেড়ে যাচ্ছে না। এতে খুলনা থেকে দেশের বিভিন্ন স্থানের উদ্দেশে রওনা হওয়া সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগের মুখে পড়তে  হচ্ছে। এদিকে পরিবহন ধর্মঘটের কারণে খুলনা রেল স্টেশনে যাত্রীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। টিকিট না পাওয়ায় অনেকে দাঁড়িয়ে ঢাকাসহ গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। সোনাডাঙ্গা বাস টার্মিনালে কথা হয় ঝিনাইদহগামী যাত্রী আব্দুল খালেকের সঙ্গে। 
 
তিনি বলেন, ধর্মঘটের কারণে কোন গাড়ি ছাড়ছে না। যে কারণে পাঁচগুণ বেশি ভাড়া দিয়ে ভাড়ায়চালিত মোটরসাইকেলে যেতে হচ্ছে।
 
খুলনা বাস-মিনিবাস কোচ মালিক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন সোনা জানান, চলমান সঙ্কট নিরসনের লক্ষ্যে গত শুক্রবার রাতে সরকারি প্রশাসন ও পরিবহন নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উভয় পক্ষের অনড় অবস্থানের কারণে সংকটের সমাধান হয়নি। 
 
তিনি জানান, পুলিশের হাতে গ্রেফতারকৃত দুই পরিবহন শ্রমিকের মুক্তি না দেয়ায় খুলনাসহ দক্ষিণাঞ্চলে পরিবহন ধর্মঘট অব্যাহত রয়েছে।
 
দাবি আদায়ে আগামী ২৫ মে পর্যন্ত আল্টিমেটাম দেয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি আদায় না হলে সারাদেশে পরিবহন ধর্মঘটের ডাকা দেয়া হবে।