গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হামলা চালিয়ে ভাংচুর, চিকিৎসক ও নার্সকে মারধরের প্রতিবাদে গোপালগঞ্জ ২৫০-শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ জেলার সকল সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসক ও নার্সদের ধর্মঘট চলছে। এ দিকে হাসপাতাল ভাংচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১০ জনকে আটক করেছে।
শনিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়েছে।
জেলার চিকিৎসকরা গোপালগঞ্জ হাসপাতালের হলরুমে এক জরুরি বৈঠকে বসেন। এ সভায় স্বাস্থ্য অধিদপ্তরে হাসপাতাল বিভাগের পরিচালক ডা.সামিউল ইমলাম সাদি গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. খলিলুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, সিভিল সার্জন ডা. সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন।
সভায় চিকিৎসকরা হাসপাতালের সামনে অবৈধ স্থাপনা অপসারণ, হাসপাতাল এলাকায় পুলিশবক্স স্থাপন, হামালাকারীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবি জানান।
পরে ভংচুর ও নার্সদের মারপিটের ঘটনার বিচারের দাবিতে চিকিৎসক ও নার্সরা শনিবার দুপুর দেড়টা থেকে গোপালগঞ্জ আড়াই শ’ বেড জেনারেল হাসপাতালের সামনে ১ ঘণ্টা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
