অব্যাহত থাকতে পারে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ

আপডেট : ২৩ মে ২০১৫, ১৮:১৩
 
ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, চাঁদপুর, নোয়াখালী, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েক দিন এই তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। খবর- বাসসের।

আবহাওয়া অধিদফতর জানায়, শনিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় টাঙ্গাইল, ময়মনসিংহ ও ঢাকা অঞ্চলসহ রংপুর, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্র বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানতা শুষ্ক থাকতে পারে।

সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। এছাড়া আগামী ৫দিনের আবহাওয়া অবস্থা সম্পর্কে পূর্বাভাসে বলা হয়, এ সময়ে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
 
আবহাওয়া চিত্রের সংক্ষিপ্তসারে বলা হয়, পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ অবস্থান করছে। যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু রেঙ্গুন উপকূল পর্যন্ত বিস্তার লাভ করেছে।