গত সপ্তাহে ইসলামিক স্টেট(আই এস) জঙ্গিদের দখলকৃত ইরাকের রামাদি শহরের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে অভিযান শুরু করেছে শিয়া মিলিসিয়ারা। প্রায় তিন হাজার মিলিসিয়া সদস্য আইএসের বিরুদ্ধে এই লড়াইয়ে অংশ নিয়েছে বলে কর্মকর্তাদের বরাত দিয়ে জানিয়েছে বিবিসি।
ইরাক সরকারের অনুগত বাহিনীগুলো দাবি করেছে, ইতিমধ্যে রামাদির পূর্বের হুসায়বা শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে তারা। রাজধানী বাগদাদ থেকে মাত্র ১১০ কিলোমিটার পশ্চিমে আনবার প্রদেশের রাজধানী রামাদি আইএসের দখলে যাওয়াকে ইরাক সরকারের অস্বস্তির কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
শহরটি আইএস জঙ্গিরা নিয়ন্ত্রণে নায়ার সময় অন্তত পাঁচ শ' মানুষ নিহত হয়। এছাড়াও আরো ৪০ হাজার মানুষ ব্যাপক লড়াইয়ের আশঙ্কায় শহরটি ছেড়ে পালিয়েছে।
এর আগে ইরাকের রাষ্ট্রীয় টেলিভিশনে জানানো হয়, শিয়া মিলিশিয়ারা ট্যাঙ্ক ও সাঁজোয়া যান নিয়ে রামাদির পার্শ্ববর্তী আল-হাব্বানিয়া সেনা ক্যাম্পে অবস্থান নিয়েছিল। জবাবে আইএস জঙ্গিরাও শহরটি দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো খবর প্রকাশ করেছে।
শহরটি আইএসের হাত থেকে পুনরুদ্ধার করতে ইরান সমর্থিত শিয়া মিলিশিয়াদের সাহায্য চেয়েছিল ইরাক সরকার।
