চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ আজ আসছেন

আপডেট : ২৪ মে ২০১৫, ০০:৫৪

চীনের উপ-প্রধানমন্ত্রী লিউ ইয়ানডং তিনদিনের সফরে আজ রবিবার ঢাকা আসছেন। আগামী সেপ্টেম্বরে চীনের প্রধানমন্ত্রী লি কে কিয়াং-এর ঢাকা সফরের প্রস্তুতি হিসাবে উপ-প্রধানমন্ত্রী লিউ এই সফর করছেন বলে কূটনৈতিক সূত্র জানায়। বাংলাদেশ ও চীনের মধ্যকার কূটনৈতিক সম্পর্কের ৪০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ঢাকা ও বেইজিং-এর মধ্যে উচ্চপর্যায়ের সফর ছাড়াও সহযোগিতামূলক সম্পর্ক আরো গভীর ও সুদৃঢ় করার লক্ষ্যে এবছর বিশেষ উদ্যোগ নেয়া হচ্ছে। উপ-প্রধানমন্ত্রী লিউ-এর সফর এরই অংশ বলে জানা যায়।

 
আজ বিকাল ৫টা নাগাদ লিউ ইয়ানডংকে বহনকারী বিমানটি ঢাকায় হজরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছাবে। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বিমানবন্দরে উপস্থিত থেকে তাকে উষ্ণ অভ্যর্থনা জানাবেন। সফরকালে তিনি রাষ্ট্রপতি অ্যাডভোকেট আবদুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে সাক্ষাত্ করবেন। বিরোধী রাজনীতিকদের সঙ্গেও তার মতবিনিময় হবে।
 
সফরের প্রথম দিনেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সাক্ষাত্ হবে। গণভবনে আজ সন্ধ্যায় দুই নেতার বৈঠকে ঢাকা-বেইজিং সহযোগিতায় বিভিন্ন বিষয়ে নতুন আরো ৪-৫টি সমঝোতা সই হতে পারে। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় ও  চীনের একটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি চুক্তি সইয়ের প্রস্তুতি রয়েছে। নর্থ সাউথ ইউনিভার্সিটিতেও যাবেন তিনি। সেখানে তরুণদের উদ্দেশ্যে তার বক্তৃতা করার কথা। পররাষ্ট্র দপ্তর সূত্র জানিয়েছে, চীনের জ্যেষ্ঠ ওই রাজনীতিকের সফরকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ।
 

লিউ ইয়ানডং এই দফায় বাংলাদেশ ছাড়াও ইন্দোনেশিয়া সফর করবেন। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, বাংলাদেশের জনগণ ও সরকারের সঙ্গে চীনের জনগণ ও সরকারের ভ্রাতৃত্বমূলক সম্পর্ক আরো গভীর করতে উপ-প্রধানমন্ত্রী লিউ-এর সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। দুই দেশের জনগণের সম্পর্ক আরো এগিয়ে নিয়ে যাওয়া হবে। উল্লেখ্য, চীন বাংলাদেশকে ১৯৭৫ সালে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়ার পর ঢাকা ও বেইজিং-এর মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়।