লালনের গান যেন সবকিছুর সন্ধান দেয়। ধর্মতত্ত্ব, মানবধর্ম, জগতের সকল ভাবনার উত্তর মেলে এ গানে। কিন্তু সেই আধ্যাত্ম পুরুষ যেন রহস্যে ঘেরা। লালনসাধকরা সারা জীবন তার গানকে অবলম্বন করে সেই লালনেরই সন্ধান করে চলেছেন যেন। সাঁইজির গানের মোহনীয় কাব্যিকভাব, সুরের আবেশ ও সহজ সরল উপস্থাপন ভঙ্গি মানুষকে মোহাবিষ্ট করে। আর লালন সঙ্গীত যার কণ্ঠের যাদুতে ভিন্ন মাত্রা পায়, তিনি ফরিদা পারভীন। দেশের মানুষ ভালোবেসে তার নাম দিয়েছে লালন সম্রাজ্ঞী। গতকাল ছিল তাঁর একক সঙ্গীত সন্ধ্যা। আয়োজন করেছিল ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। শনিবার সন্ধ্যায় গুলশান শাখার মিলনায়তনে লালনের গান অমৃত-সুধা হয়ে ধরা দেয় লালন সম্রাজ্ঞীর ফরিদা পারভীনের কণ্ঠে। একের পর এক লালন গানে দর্শক-শ্রোতাদের মুগ্ধ করলেন লালন সম্রাজ্ঞী।
প্রায় দুই ঘন্টাব্যাপী এই আয়োজনে ফরিদা পারভীন একে একে পরিবেশন করেন ‘পারে লয়ে যাও আমায়’. ‘বাড়ির কাছে আরশি নগর’, ‘পাখি কখন জানি উড়ে যায়’, ‘ধন্য ধন্য বলি তারে’, ‘সব লোকে কয় লালন কী জাত সংসারে’, ‘তিন পাগলে হলো মেলা’, ‘মিলন হবে কত দিনে’, ‘সময় গেলে সাধন হবে না’, ‘যেখানে সেই বারামখানা’. ‘বলি তোর চল ধরি’গান ২০টি গান। আসরে শিল্পীকে সহায়তা দেন বাঁশিতে গাজী আবদুল হাকিম, তবলায় দেবেন্দ্রনাথ চ্যার্টাজি, দোতারায় দেলোয়ার হোসেন, বাংলার ঢোলে এসএম রেজা বাবু এবং কিবোর্ডে ছিলেন দৌলতুর রহমান। মন্ত্রমুগ্ধ হয়ে তার গান উপভোগ করেন ভারতীয় হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ছাড়াও আমন্ত্রিত অতিথিবৃন্দ।
ছায়ানটের রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের দ্বিতীয় দিন
‘রাষ্ট্র ও ধর্ম ঃ রবীন্দ্র ভাবনা ও বর্তমান বাস্তবতা’ বিষয়ে সেমিনার দিয়ে শুরু হয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের চৌত্রিশতম বার্ষিক সম্মেলনের দ্বিতীয় দিন। সান্ধ্য অধিবেশন সাজানো হয়েছিল গুণীজনের সুবচন রবিরশ্মি, আবৃত্তি, পাঠ, নৃত্য ও গান দিয়ে। মূল প্রবন্ধ উপস্থাপন করেন আবুল মোমেন। সভাপতিত্ব করেন জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদের সভাপতি সন্?জীদা খাতুন। আলোচনায় অংশ নেন ডা. সারোয়ার আলী ও মফিদুল হক।
সন্জীদা খাতুন বলেন, ’৭০ এর নির্বাচনে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করলেও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পেয়েছিল মুসলিম লীগ। স্বাধীন বাংলাদেশেও এরা সক্রিয় ছিল। সে কারণেই ’৭৫-এর ১৫ আগস্টের ঘটনা ঘটেছিল। এর মানে হচ্ছে, আমরা মানুষের অন্তরে আলো জ্বালাতে পারিনি।
ডা. সারোয়ার আলী বলেন, রাষ্ট্র সাময়িক, রবীন্দ্রনাথ তাই সমাজকে বেশি গুরুত্ব দিয়েছিলেন। ধর্মতত্ত্ব থেকে মানব সমাজ এবং হিন্দু-মুসলমানের ধর্ম যার যার জায়গায় রেখে বাঙালি সমাজ নির্মাণে তিনি সচেষ্ট ছিলেন।
মফিদুল হক বলেন, রবীন্দ্রনাথ জাতিসত্তাকে বড় করে তুলতে চেয়েছিলেন। ধর্মতত্ত্ব থেকে মানবজাতি সত্তার সন্ধানে রবীন্দ্রনাথ তাই আমাদের অবলম্বন। সন্ধ্যায় ছিল সারাদেশের শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত আয়োজন। আজ রবীন্দ্র সঙ্গীত সম্মেলনের শেষ দিন। শুরু হবে বিকালে।
চ্যানেল আইয়ের নজরুল মেলা
আগামীকাল ২৫ মে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মবার্ষিকী। জন্মজয়ন্তী উপলক্ষে চ্যানেল আই কার্যালয়ে আগামীকাল অনুষ্ঠিত হবে ‘এবি ব্যাংক চ্যানেল আই নজরুলমেলা’। এবছর নজরুলমেলা আজীবন সম্মাননা পাচ্ছেন শিল্পী খালিদ হোসেন ও তরঙ্গ অব ক্যালিফোর্নিয়া। এবি ব্যাংক চ্যানেল আই নজরুলমেলা উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আই কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, এবি ব্যাংক লি.-এর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট চৌধুরী মনজুর লিয়াকত, আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ার ও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ডিরেক্টর (সেলস্ এন্ড মার্কেটিং) আসিফ ইকবাল, সম্মাননাপ্রাপ্ত সঙ্গীতজ্ঞ খালিদ হোসেন এবং তরঙ্গ অব ক্যালিফোর্নিয়ার সচিব ও আন্তর্জাতিক সমন্বয়ক মোয়াজ্জেম হোসাইন চৌধুরী।
‘প্রাগৈতিহাসিক’র শততম মঞ্চায়ন
নাগরিক নাট্যাঙ্গনের চলমান নাট্যোত্সবের চতুর্থ সন্ধ্যায় ‘প্রাগৈতিহাসিক’ নাটকের শততম মঞ্চায়ন হয়। গতকাল শনিবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে নাটকটি মঞ্চস্থ হয়। কথাসাহিত্যিক মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্বনে নাটকটি রচনা করেছেন মাহমুদুল ইসলাম সেলিম। এটি নির্দেশনা দিয়েছেন লাকী ইনাম।
ডিইউপিএস ২য় জাতীয় আলোকচিত্র উত্সব শুরু
ঢাকা ইউনিভার্সিটি ফটোগ্রাফিক সোসাইটির আয়োজনে ৬ দিনব্যাপী ‘ডিইউপিএস ২য় জাতীয় আলোকচিত্র উত্সব’ শুরু হয়েছে। গতকাল বেলা ১১টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালায় উত্সবের উদ্বোধন হয়। এর আগে সকালে এ উপলক্ষে টিএসসি থেকে একটি র্যালি শুরু হয়ে শিল্পকলায় এসে শেষ হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টেলিভিশন ও ফিল্ম স্টাডিজ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ড. শফিউল আলম ভূঁইয়া প্রমুখ। বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের তোলা আলোকচিত্র নিয়ে এই উত্সব ২৬ মে পর্যন্ত চলবে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় চিত্রশালার গ্যালারিতে। এরপর ২৭ ও ২৮ মে প্রদর্শনী চলবে টিএসসিতে।
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫
বাংলাদেশ শিশু একাডেমী আয়োজিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫ এর পদক প্রদান ও সমাপনী অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে একাডেমী মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি এবং শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। বাংলাদেশ শিশু একাডেমীর চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিশু একাডেমীর পরিচালক মোশাররফ হোসেন।
দেশের তৃণমূল পর্যায়ে শিশুদের সৃজনশীলতা, মেধা ও মনন অন্বেষণে ৬ জানুয়ারি থেকে দেশব্যাপী জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা ২০১৫ শুরু হয়। এ বছর সাংস্কৃতিক বিষয়ে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে খুলনা জেলার মণিকা দেবনাথ কথা।
আলিয়স ফ্রঁসেজে শেষ হলো জলবায়ু বিষয়ে আয়োজন
আলিয়স ফ্রঁসেজে শেষ হলো জলবায়ু নিয়ে আটদিনব্যাপী আয়োজন। ‘জলবায়ু পরিবর্তন ও উন্নয়নের সেতুবন্ধ’ শীর্ষক এ আয়োজনের গতকাল শেষ দিনে বিকালে ছিল আলোচনা ও সমাপনী পর্ব। ‘ব্যবসা এবং জলবায়ু পরিবর্তন; প্রাইভেট সেক্টরে প্রস্তুতি’ এ বিষয়ে আলোচনায় অংশ নেন ফরাসী দূতাবাসের রাষ্ট্রদূত সোফি ওবের, সুয়েজ এনভায়রনমেন্টের উপমহাদেশের ব্যবসা উন্নয়ন ব্যবস্থাপক জ্যঁ-মার্ক লেঙ্গার্ড, টোটাল বাংলাদেশের বিক্রয় ও বিপণন প্রধান মুজিবুর রহমান, গ্রামীণফোনের বিজনেস কন্টিনিউটি ম্যানেজমেন্ট এন্ড ক্লাইমেট চেঞ্জের প্রধান আব্দুর রায়হান, এপিএস গ্রুপের চেয়ারম্যান হাসিব উদ্দিন। সঞ্চালনায় ছিলেন সেন্টার ফর এডভান্সড স্টাডিজের নির্বাহী পরিচালক ড. আতিক রহমান।