নেপালে ভূমিকম্প দুর্গতদের পাশে চেলসি
ইংলিশ জায়ান্ট চেলসি নেপালের ভূমিকম্পে দুর্গতদের সহায়তায় পাশে দাঁড়িয়েছে। এই লক্ষ্যে এবারের মৌসুমের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ট্রফির স্কার্ফ বিক্রি থেকে যে আয় হবে এর পুরোটাই দেশটির দুর্গতদের সহায়তায় দেয়া হবে বলে ক্লাবের ওয়েবসাইটে জানানো হয়েছে। এরই মধ্যে চেলসি এবং এর সমর্থকরা নেপালে দুর্গতদের সহায়তার জন্য ১৩ হাজার ডলার প্রদান করেছে। এই অর্থ এসেছে ব্লুজদের অনূর্ধ্ব-১৯ দলের লিগ চ্যাম্পিয়ন থেকে। সমপ্রতি লিভারপুলকে ৪-৩ গোলে হারিয়ে অনূর্ধ্ব-১৯ লিগে চ্যাম্পিয়ন হয় চেলসি। এর আগে ক্রিস্টাল প্যালেসের বিপক্ষে ম্যাচের দিন লটারি ড্র থেকে আয় করা অর্থও নেপাল এবং চেলসি ফাউন্ডেশনকে দিয়ে দেয় দলটি। নেপালের ভূমিকম্প দুর্গতদের সহায়তায় বিশেষ ধরনের চ্যাম্পিয়ন স্কার্ফ তৈরি করেছে চেলসি, যা রবিবার সান্ডারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে স্ট্যামফোর্ড ব্রিজের স্টেডিয়াম মেগাস্টোরে কিনতে পাওয়া যাবে। এখান থেকে আয়ের পুরো অর্থই দিয়ে দেয়া হবে নেপালের ভূমিকম্প দুর্গতদের।—চেলসি ওয়েবসাইট
ইংলিশ প্রিমিয়ার লিগের চলতি মৌসুমের শেষ রাউন্ডের খেলা মাঠে গড়াতে যাচ্ছে আজ রবিবার। এ উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজ। কেননা আগেই শিরোপা নিশ্চিত হয়ে যাওয়ায় অতিথি সান্ডারল্যান্ডের বিপক্ষে শেষ রাউন্ডের ম্যাচটি খেলেই উদযাপনে মাতবে ব্লুজরা। ২০১০ সালের পর এবারই প্রথম লিগ শিরোপা ঘরে তুলতে যাচ্ছে ৩৭ খেলা থেকে ৮৪ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা চেলসি। এর আগে নিজেদের শেষ খেলায় ভালো কিছু করতে চায় তারা।
লিগ শিরোপা জয়ের উল্লাসে মাতার আগে দারুণ উন্মাদনা বিরাজ করছে চেলসি শিবিরে। দীর্ঘ পাঁচবছর পর আবারো ইংলিশ লিগের শ্রেষ্ঠত্বে ফিরছে তারা। এই অর্জনে সমর্থকরা দলের কোচ হোসে মরিনহো এবং খেলোয়াড়দের জয়গান গাইছেন। এর মধ্যে ফুটবল রিপোর্টারদের ভোটে মরিনহো এবং চেলসির বেলজিয়ান মিডফিল্ডার ইডেন হ্যাজার্ড ইংলিশ প্রিমিয়ার লিগের সেরা কোচ এবং খেলোয়াড়ের পুরস্কারটাও হাতে পেয়েছেন। সবকিছু মিলিয়ে চেলসির উদযাপন আজ রং ছড়াবে। যদিও মার্চ মাসে একবার ট্রফি জয়ের উল্লাসে ভেসেছে চেলসি। ওয়েম্বলি স্টেডিয়ামে লিগ কাপের ফাইনালে টটেনহ্যাম হটস্পারকে হারিয়ে লিগ কাপ চ্যাম্পিয়ন হয় তারা।
উদযাপনের রাতটা আরো মহিমান্বিত করতে সান্ডারল্যান্ডের বিপক্ষে যে করেই হোক পরাজয় এড়াতে চায় মরিনহোর দল। কেননা গত সপ্তাহে আর্সেনালের মাঠে খেলতে গিয়ে গোলশূন্য ড্র করার নৈপুণ্য দেখায় সান্ডারল্যান্ড। এর মধ্যদিয়ে রেলিগেশনের শঙ্কা কাটিয়ে আগামী মৌসুমেও প্রিমিয়ার লিগ খেলার যোগ্যতা ধরে রেখেছে। পক্ষান্তরে সর্বশেষ খেলায় চেলসি ওয়েস্ট ব্রমউইচের মাঠে খেলতে গিয়ে ৩-০ গোলের পরাজয় নিয়ে ফিরতে হয়। ফলে শেষ খেলায় অতিথি সান্ডারল্যান্ডের মুখোমুখি হতে কিছুটা হলেও নড়েচড়ে বসতে হচ্ছে সান্ডারল্যান্ডকে। তবে শেষ খেলা নিয়ে উদ্বিগ্ন হচ্ছে না চেলসি। এবারের মৌসুমে সব ধরনের প্রতিযোগিতায় মাত্র চারটি খেলায় পরাজিত হতে হয়েছে তাদের, এক মৌসুমে কম পরাজয় মানার দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগে এটা রেকর্ডও বটে। এর আগে ১৯৯৯ সালে সব ধরনের প্রতিযোগিতায় পুরো মৌসুমে পাঁচ ম্যাচে হেরেছিলো ম্যানচেস্টার ইউনাইটেড।
শিরোপা উদযাপন নিয়ে চেলসি কোচ বলেন, ‘আমরা এরই মধ্যে উদযাপন করেছি, গত কয়েক সপ্তাহে খেলার ফলগুলো দারুণ উপভোগ করেছি আমরা। এটা আমাদের শেষ ম্যাচ, নিঃসন্দেহে এটা আমরা জিততে চাইবো এবং খেলোয়াড়রাও জয়ের জন্য খেলবে—এটাই স্বাভাবিক। খেলাটিতে প্রেরণা বলতে যা আছে তা হলো—আমরা চ্যাম্পিয়ন হচ্ছি এবং সান্ডারল্যান্ডও রেলিগেশনে যাচ্ছে না।’ এদিকে, শেষ রাউন্ডের খেলায় ৭৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে থাকা ম্যানচেস্টার সিটি মুখোমুখি হবে অতিথি সাউদাম্পটনের সঙ্গে, ৭২ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে থাকা আর্সেনাল আতিথ্য দেবে ওয়েস্টব্রমকে এবং ৬৯ পয়েন্ট নিয়ে চতুর্থস্থানে থাকা ম্যানচেস্টার ইউনাইটেড খেলতে যাবে হাল সিটির মাঠে।—সুপার স্পোর্টস
