আজ শুরু বিসিএল শিরোপা লড়াই

আপডেট : ২৪ মে ২০১৫, ০২:২৮

এতো টানা সূচি বাংলাদেশের ক্রিকেটে এর আগে বুঝি আসেনি।

 
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, বিশ্বকাপ, বিসিএল ওয়ানডে, পাকিস্তানের বিপক্ষে সিরিজ। ক’দিন পরই আসছে পর্যায়ক্রমে ভারত, দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া এবং সম্ভবত ওয়েস্ট ইন্ডিজ। এর মাঝেই বাংলাদেশ ক্রিকেট লিগের শেষ রাউন্ড খেলতে নামবেন আজ ক্রিকেটাররা।
 
শেষ রাউন্ড না বলে এটাকে ‘ফাইনাল’ও বলা যায়।
 
রবিন লিগের এই আসরে ফাইনাল বলে আসলে কিছু নেই। তারপরও বিসিএলের শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চল বনাম পূর্বাঞ্চল ম্যাচটি ফাইনালেই পরিণত হয়েছে। আজ থেকে চট্টগ্রামে শুরু হতে যাওয়া এই রাউন্ডে যে দল পয়েন্টে এগিয়ে যাবে, তারাই চ্যাম্পিয়ন হবে।
 
পূর্বাঞ্চলের অধিনায়ক মুমিনুল হক আগের দিনই বলছিলেন, তারা শিরোপা আশা করছেন। তবে কাজটা সহজ হবে না, ‘আমাদের ভালো খেলতে হবে। প্রতিপক্ষ অনেক শক্ত দল নিয়ে মাঠে নামবে। ওরা পয়েন্টেও একটু এগিয়ে আছে। ফলে কাজটা সোজা হবে না। ম্যাচের শুরুতেই শিরোপা নিয়ে না ভেবে আসলে প্রতিটা সেশনে ভালো খেলার কথাটা ভাবা জরুরি। সেটা করতে থাকলে পয়েন্ট আসতে থাকবে।’
 
এখনও চোটে ভুগতে থাকায় এই রাউন্ডে খেলতে পারবেন না তামিম ইকবাল, মুশফিকুর রহিম, সাকিব আল হাসানরা। এর মধ্যে তামিমকে মিস করবে শিরোপা লড়াইয়ে থাকা পূর্বাঞ্চল ও সাকিবকে মিস করবে সবার ওপরে থাকা দক্ষিণাঞ্চল।
 
তামিমকে মিস করা প্রসঙ্গে মুমিনুল বলছিলেন, ‘তামিম ভাইকে তো যে কোনো দল মিস করবে। ওনার মতো ব্যাটসম্যান দলে থাকলেই দলের চেহারা বদলে যায়। উনি দারুণ ফর্মেও আছেন। আর সবচেয়ে বড় কথা তামিম ইকবাল এমন একটা নাম যে, উনি দলে থাকলে বিপক্ষ একটু চাপে থাকে। ফলে ওনাকে তো আমরা মিস করবোই। তবে এটাও সত্যি যে, আমাদের জাতীয় দলের কোনো তারকা ছাড়াই দল কিন্তু এই পর্যন্ত এসেছে। আমরা যখন ছিলাম না, তখন যারা ছিলেন, তারাও ভালো খেলেছেন। ফলে আমাদের ছাড়াও দল ভালো করতে পারে বলেই আমার বিশ্বাস।’
 
বিসিএলের চতুর্থ ও শেষ রাউন্ডের খেলায় গত আসরের চ্যাম্পিয়ন প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের মুখোমুখি হবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল। চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জিতে শিরোপা অক্ষুণ্ন রাখতে চায় দক্ষিণাঞ্চল। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে লিগের অপর ম্যাচে বিসিবি উত্তরাঞ্চলের বিপক্ষে লড়বে ওয়ালটন মধ্যাঞ্চল। এই দু’দল এখন পর্যন্ত জয় শূন্য থাকায় শিরোপা লড়াইয়ে আর কোনো ভূমিকা নেই তাদের।
 
আগের দুই খেলার একটিতে জয় এবং অপরটিতে ড্র করে ৩৫ পয়েন্ট নিয়ে সবার উপরে আছে দক্ষিণাঞ্চল। সমান জয় ও ড্রয়ে ৩২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে পূর্বাঞ্চল। আগের দুই খেলায় জয়হীন থাকা বিসিবি উত্তরাঞ্চল ও ওয়ালটন মধ্যাঞ্চল ধারাবাহিকভাবে পয়েন্ট টেবিলের তিন ও চারে আছে। শেষ রাউন্ডে জয় পেলেও তাদের লিগ চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ নেই। তাই চট্টগ্রামে অনুষ্ঠিত ম্যাচের দিকেই নজর থাকবে সবার। এই খেলায় যারাই জিতবে তারাই চ্যাম্পিয়ন।
 
এই ম্যাচ ড্র হলে অবশ্য অনেক হিসাবের অবকাশ থাকবে। সে ক্ষেত্রে বোনাস পয়েন্ট কারা কতো নিতে পারছে, তার ওপর নির্ভর করবে লিগের শিরোপা। লিগের ফাইনাল রাউন্ডে মাঠে নামার আগে ফেবারিট দক্ষিণাঞ্চল। তবে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চল যদি ভালোভাবে ড্র করতে পারে, তাহলে তাদের সুযোগ আছে লিগ চ্যাম্পিয়ন হওয়ার।
 

আগের দুই ম্যাচে ৩৩৩ রান সংগ্রহ করে সবার উপরে রয়েছেন পূর্বাঞ্চলের অধিনায়ক অলক কাপালি। অন্যদিকে ১৬ উইকেট শিকার করে দক্ষিণাঞ্চলের অধিনায়ক আব্দুর রাজ্জাক আছেন সেরা বোলারের তালিকায়।